খেলা

IPL mini auction: আইপিএল নিলামে চমক! ট্রেডিং টেবিলে এবার শ্রেয়স আইয়ার

১৭ ডিসেম্বর শুরু ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টের আগের দিনই অনুষ্ঠিত হবে নিলাম।

Truth of Bengal: আইপিএল  নিলামের আগেই ফ্র্যাঞ্চাইজিগুলির টেবিলে দেখা যেতে পারে বেশ কয়েকটি চমক। ১৬ ডিসেম্বর আবু ধাবিতে হতে চলা মিনি আইপিএল নিলামকে ঘিরেই শুরু হয়েছে জোরকদমে প্রস্তুতি।অস্ট্রেলিয়ার সহকারী কোচ এবং সানরাইজার্স হায়দরাবাদের আইপিএল কোচ ড্যানিয়েল ভেট্টোরি অ্যাশেজ সিরিজ চলাকালীনই যোগ দেবেন নিলামে। ১৭ ডিসেম্বর শুরু ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টের আগের দিনই অনুষ্ঠিত হবে নিলাম। ফলে ছোট সফরে আবু ধাবি গিয়ে নিলামে অংশ নেবেন ভেট্টোরি এবং পরে ফিরে গিয়ে যোগ দেবেন জাতীয় দলে। অস্ট্রেলিয়া তাঁকে যোগদান করার জন্য অনুমতি দিয়েছে। গত নিলামেও একইভাবে সাময়িক ছুটি নিয়ে অংশ নিয়েছিলেন তিনি। অন্যদিকে পঞ্জাব কিংসের কোচ রিকি পন্টিং এবার নিলামে থাকতে পারছেন না।

তিনি সেভেন নেটওয়ার্কের সঙ্গে ধারাভাষ্যকার হিসেবে চুক্তিবদ্ধ এবং অ্যাশেজ সিরিজের মাঝপথে তাঁকে ছাড় দেওয়া হয়নি।ফলে পঞ্জাবের টেবিলের নেতৃত্বে থাকতে পারেন দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার।নিলামে অংশগ্রহণকারী প্রতিনিধিদের তালিকায় শ্রেয়সের নাম ইতিমধ্যেই জমা পড়েছে।গত মরসুমে তাঁর নেতৃত্বেই ফাইনালে উঠেছিল পঞ্জাব। এ বার দলে খুব বেশি ফাঁকা জায়গা নেই মাত্র চারজন ক্রিকেটার নিতে পারবে এবং হাতে রয়েছে ১১.৫ কোটি টাকা। ফলে নিলামে কৌশলগত সিদ্ধান্তে শ্রেয়স আইয়ারই মুখ্য ভূমিকা নেবেন বলে মনে করা হচ্ছে। এছাড়াও নিলামে লখনৌ সুপার জায়ান্টসের টেবিলে বসবেন জাস্টিন ল্যাঙ্গার, সানরাইজার্স হায়দরাবাদের হয়ে থাকছেন ভেট্টোরি বিভিন্ন দলের হয়ে উপস্থিত থাকবেন টম মুডি-সহ অভিজ্ঞ থিঙ্ক ট্যাঙ্কের আরও সদস্যরা।

নিলামের টেবিলে যে অঙ্ক, বিশ্লেষণ আর পরিকল্পনার খেলা চলে—এ বার তার সাক্ষী হতে চলেছে তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ারও। অন্যদিকে অ্যাশেজের মতো বড় সিরিজের মাঝেই নিলামে যোগ দেওয়ার জন্য ভেট্টোরির সিদ্ধান্তও নজর কেড়েছে ক্রিকেট মহলে।সব মিলিয়ে, আবু ধাবির নিলাম মঞ্চে ফ্র্যাঞ্চাইজির মতোই আলোচনার কেন্দ্রে থাকবে তাদের প্রতিনিধি টেবিলও।

Related Articles