চাকদহে মতুয়া নেতার বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব! স্ত্রীকে ‘ধর্ষণ’ ও দুই নাবালিকা কন্যাকে যৌন হেনস্তার অভিযোগ
লুটপাট, গাড়ি ভাঙচুর ও শান্তনু ঠাকুরের ছবি লাগানো ব্যানার ছেঁড়ার অভিযোগ! গভীর রাতে দুষ্কৃতী হামলায় তোলপাড় নদিয়ার চাকদহ
Truth of Bengal: নদিয়ার চাকদহে এক মতুয়া নেতার বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব, লুটপাট ও ভাঙচুরের পাশাপাশি ওই নেতার স্ত্রীকে ধর্ষণ এবং দম্পতির দুই নাবালিকা কন্যাকে যৌন হেনস্তা করার মতো গুরুতর ও চাঞ্চল্যকর অভিযোগ উঠল। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে চাকদহ এলাকায়। ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত ১২টা বেজে ৪০ মিনিট নাগাদ ৬ থেকে ৭ জনের একটি দুষ্কৃতী দল ওই মতুয়া নেতার বাড়িতে চড়াও হয়। অভিযোগ, দুষ্কৃতীরা বাড়িঘর, একটি মোটরবাইক এবং বাড়িতে থাকা চারচাকা ম্যাটাডোর গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় ও লুটপাট করে। এরপর গৃহকর্তার মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁর স্ত্রীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। এমনকি দম্পতির ৮ বছর এবং ৬ বছর বয়সি দুই নাবালিকা কন্যাকেও যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগে জানানো হয়েছে। বৃহস্পতিবার চাকদহ থানায় লিখিত অভিযোগ দায়েরের পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং তদন্ত প্রক্রিয়া শুরু করে।
অভিযোগে আরও বলা হয়েছে, নির্যাতিতার স্বামী অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের নেতা হওয়ায় তাঁর বাড়ির সামনে মতুয়া মহাসংঘের ব্যানার টাঙানো ছিল, যেখানে সংঘাধিপতি শান্তনু ঠাকুরের ছবিও ছিল; দুষ্কৃতীরা সেগুলিও ছিঁড়ে ফেলে। এই নৃশংস ঘটনায় ক্ষুব্ধ ও মর্মাহত নির্যাতিতা বধূ বলেন, “রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন বারংবার নারী সুরক্ষার কথা বলেন, ধর্ষণের ঘটনায় কাউকে রেয়াত করা হবে না বলে কড়া বার্তা দিচ্ছেন, এনকাউন্টারের ঘটনাও ঘটেছে, তারপরও কীভাবে এই ঘটনা?” দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।





