রাজ্যের খবর

লটারির কোটি টাকা ছিনতাই থেকে তোলাবাজি! গ্রেফতারির ভয়ে গা-ঢাকা নির্মল ঘোষ ও ছেলের

টারির ১ কোটি টাকা ছিনতাই থেকে আর জি কর কাণ্ড! পানিহাটির প্রাক্তন বিধায়কের খোঁজে চিরুনি তল্লাশি পুলিশের

Truth of Bengal: বিধানসভা নির্বাচনে পানিহাটি কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে বিজেপির রত্না দেবনাথের কাছে বিপুল ভোটে পরাজিত হয়েছিলেন নির্মল-পুত্র তীর্থঙ্কর ঘোষ। বাংলায় রাজনৈতিক পালাবদলের পর থেকেই এই প্রভাবশালী বাবা-ছেলের বিরুদ্ধে জমা হওয়া একগুচ্ছ চাঞ্চল্যকর দুর্নীতির ফাইল একে একে খুলতে শুরু করেছে খড়দহ ও পানিহাটি থানার পুলিশ। সম্প্রতি, বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যবসায়ীকে ভয় দেখিয়ে বিপুল টাকা তোলাবাজির অভিযোগে খড়দহ থানার পুলিশ সুশান্ত সরকার নামে এক স্থানীয় পানশালার মালিককে গ্রেফতার করে। শনিবার ধৃত সুশান্তকে ব্যারাকপুর আদালতে তুলে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। আর সেই ধৃতকে জেরার পরেই উঠে আসে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ ও তাঁর ছেলে তীর্থঙ্করের নাম! এরপর থেকেই ফোন বন্ধ করে গা-ঢাকা দিয়েছেন এই দুই হেভিওয়েট নেতা।

আর জি করের বডি দাহ থেকে কোটি টাকার লটারি কাণ্ড, নির্মল ঘোষের বিরুদ্ধে এফআইআর-এর পাহাড়

পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়কের অতীত কীর্তি নিয়ে এখন শোরগোল রাজ্যজুড়ে। আর জি কর হাসপাতালের নৃশংস ঘটনার দিন ‘অভয়া’র মৃতদেহ পানিহাটি শ্মশানে নিয়ে গিয়ে তড়িঘড়ি দাহ করার নেপথ্যে মূল মাথা হিসেবে নাম জড়িয়েছিল এই নির্মল ঘোষের। পুলিশ সূত্রে খবর, সেই ঘটনা নিয়ে এখন নতুন করে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। এছাড়াও, এক ভাগ্যবানের লটারিতে জেতা ১ কোটি টাকার প্রথম পুরস্কারের টিকিট গায়ের জোরে ছিনিয়ে নেওয়ার এক ভয়ঙ্কর অভিযোগও উঠেছে এই নির্মল ঘোষের বিরুদ্ধে!

মোবাইল ট্র্যাক করছে পুলিশ, গ্রেফতারি এখন সময়ের অপেক্ষা!

খড়দহ ও পানিহাটি থানা সূত্রে জানা গিয়েছে, পলাতক বাবা-ছেলেকে ধরতে ইতিমধ্যেই একটি বিশেষ পুলিশি টিম গঠন করা হয়েছে। তাঁদের মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে সম্ভাব্য সমস্ত ডেরায় তল্লাশি চালানো হচ্ছে। এই বিষয়ে তীব্র আক্রমণ শাণিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব দাবি করেছে, “পানিহাটি ও খড়দহ এলাকায় বছরের পর বছর ধরে সিন্ডিকেট রাজ, তোলাবাজি ও দুষ্কৃতীমূলক কাজ চালিয়েছেন এই বাবা-ছেলে। আইনের হাত থেকে এঁরা পার পাবেন না, দু’জনেরই ঠাঁই এবার জেলেই হবে।” ছাব্বিশের পটপরিবর্তনের পর প্রাক্তন মন্ত্রী ও বিধায়কদের শ্রীঘরে যাওয়ার তালিকায় এবার পানিহাটির এই মেগা নামের সংযোজন নিয়ে চরম শোরগোল রাজনৈতিক মহলে।

Related Articles