রাজ্যের খবর

আর জি কর কাণ্ডে সন্দীপ ঘোষের জামিনে ক্ষোভ চিকিৎসক মহলে! সিবিআইয়ের ভূমিকা নিয়ে উঠল প্রশ্ন

সন্দীপ ঘোষের জামিনের ঘটনায় সিবিআইয়ের তদন্তের অগ্রগতি, বিচারব্যবস্থার ভূমিকা এবং সরকারের অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা

Truth of Bengal: আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জামিন ঘিরে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করল রাজ্যের একাধিক চিকিৎসক সংগঠন এবং আর জি কর আন্দোলনের প্রতিবাদী মুখেরা। তাঁদের অভিযোগ, দীর্ঘ আন্দোলন ও ন্যায়বিচারের দাবির পরেও পরিস্থিতির বিশেষ পরিবর্তন হয়নি। সন্দীপ ঘোষের জামিনের ঘটনায় সিবিআইয়ের তদন্তের অগ্রগতি, বিচারব্যবস্থার ভূমিকা এবং সরকারের অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা। সন্দীপ ঘোষের জামিন নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। সংগঠনের বক্তব্য, “এ কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার!” অভয়ার বিচার চেয়ে যাঁরা রাস্তায় নেমেছিলেন, তাঁদের প্রশ্নের উত্তর আজও অধরা বলে দাবি করেছে চিকিৎসকদের এই সংগঠন।

তাদের অভিযোগ, প্রতিশ্রুতি ও দীর্ঘ অপেক্ষার পরেও ন্যায়বিচারের প্রশ্নে আশ্বস্ত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। বিবৃতিতে কটাক্ষ করে সংগঠনটি বলেছে, বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে, অভয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় যেন কেউই দায়ী নয়। তাদের বক্তব্য, গোটা ব্যবস্থা যেন এই বার্তাই দিচ্ছে— ‘নো ওয়ান কিল্ড অভয়া!’ একই সঙ্গে প্রশ্ন তোলা হয়েছে, ভবিষ্যতে সন্দীপ ঘোষকে ফের স্বাস্থ্য ভবনে প্রিন্সিপাল কিংবা ডিএমই পদে দেখা যাবে কি না। সন্দীপ ঘোষের জামিনের ঘটনায় সিবিআইয়ের ভূমিকা নিয়ে সরব হয়েছেন আর জি কর আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ দেবাশিস হালদার। তাঁর অভিযোগ, সিবিআইয়ের ব্যর্থতার পাশাপাশি বিচারব্যবস্থা ও সরকারের ভূমিকাও এই ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে। দেবাশিসের বক্তব্য, সরকার পরিবর্তনের পর অনেকেই আশা করেছিলেন, এবার হয়তো ন্যায়বিচার মিলবে। কিন্তু বাস্তবে পরিস্থিতির বদল হয়নি বলেই তাঁর দাবি। ন্যায়বিচারের আশায় যাঁরা আন্দোলন করেছিলেন, তাঁদের প্রত্যাশা পূরণ হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।

একই সুর শোনা গিয়েছে অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরসের তরফেও। সংগঠনের পক্ষে চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, লক্ষ লক্ষ মানুষের আন্দোলনকে কার্যত উপেক্ষা করছে সিবিআই। নির্যাতিতার পরিবারের প্রতি এই অবিচার মেনে নেওয়া যায় না বলেও মন্তব্য করেছেন তিনি। উৎপল বন্দ্যোপাধ্যায়ের দাবি, অবিলম্বে সিবিআইকে জবাবদিহি করতে হবে এবং তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় দ্রুত অগ্রগতি নিশ্চিত করতে হবে। প্রকৃত দোষীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করারও দাবি জানিয়েছেন তিনি। সন্দীপ ঘোষের জামিনকে কেন্দ্র করে চিকিৎসক সংগঠন ও আন্দোলনকারীদের এই প্রতিক্রিয়ায় আর জি কর-কাণ্ডে ন্যায়বিচারের প্রশ্ন ফের সামনে এসেছে। দীর্ঘ আন্দোলনের পরেও বিচারপ্রক্রিয়া নিয়ে অসন্তোষ যে এখনও কাটেনি, বিভিন্ন সংগঠনের বক্তব্যে তা স্পষ্ট। তবে জামিনের সিদ্ধান্তের আইনি তাৎপর্য এবং মামলার পরবর্তী গতিপ্রকৃতি নির্ভর করবে সংশ্লিষ্ট বিচারপ্রক্রিয়ার উপর।

Related Articles