রাজ্যের খবর

রামনবমীর আগে খড়গপুরের আখড়ায় স্বমূর্তিতে দিলীপ ঘোষ

বিধানসভা নির্বাচনের আবহে সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় প্রচার ও জনসংযোগ সারেন দিলীপ ঘোষ।

Truth Of Bengal: শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: রামনবমীকে সামনে রেখে খড়গপুরে উৎসবের প্রস্তুতি তুঙ্গে। তারই মাঝে আখড়া প্রশিক্ষণ শিবিরে অংশ নিয়ে নজর কাড়লেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের শ্যামবাবা মাঠে আয়োজিত এই শিবিরে লাঠিখেলার অনুশীলনে অংশ নিয়ে একেবারে পুরনো ছন্দে দেখা গেল তাঁকে।

বিধানসভা নির্বাচনের আবহে সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় প্রচার ও জনসংযোগ সারেন দিলীপ ঘোষ। বিকেলে ধোবিঘাট সংলগ্ন আখড়ায় আয়োজিত লাঠিখেলা প্রশিক্ষণ শিবিরে যোগ দেন তিনি। সেখানে অভিজ্ঞ ওস্তাদদের পাশাপাশি নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের সঙ্গেও লাঠি ঘোরাতে দেখা যায় তাঁকে। কয়েক মিনিটের এই প্রদর্শন উপস্থিতদের মধ্যে ব্যাপক উৎসাহের সঞ্চার করে।

শিবিরে উপস্থিত হয়ে দিলীপ ঘোষ বলেন, প্রতি বছর রামনবমীর আগে খড়গপুরের বিভিন্ন আখড়াকে একত্রিত করে এমন অনুশীলনের আয়োজন করা হয়। পুরনো ওস্তাদদের পাশাপাশি নতুন প্রজন্মকেও এই ঐতিহ্যের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। তাঁর কথায়, খড়গপুরে রামনবমী শুধুমাত্র একটি উৎসব নয়, এটি শহরের একটি প্রাচীন পরম্পরা। তিনি আরও জানান, আখড়া মানে শুধুমাত্র লাঠিখেলা নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ। অযোধ্যার উদাহরণ টেনে তিনি বলেন, সাধু-সন্তদের আখড়ার মতোই এখানেও সমাজসেবার এক ঐতিহ্য রয়েছে। রামনবমীর দিন খড়গপুরের যুবকদের শক্তি ও দক্ষতার প্রদর্শন এই আখড়াগুলির অন্যতম আকর্ষণ। সব মিলিয়ে, নির্বাচনী প্রচারের পাশাপাশি ঐতিহ্যবাহী আখড়ার ময়দানে সক্রিয় উপস্থিতি দিয়ে স্থানীয়দের কাছে পৌঁছানোর চেষ্টা করলেন দিলীপ ঘোষ।

Related Articles