রাজ্যের খবর

গণনা ঘিরে অশান্তির আশঙ্কা! তৃণমূলকে ‘ডোনাল্ড ট্রাম্প’-এর সঙ্গে তুলনা দিলীপ ঘোষের

দিলীপ ঘোষের মতে, স্বৈরাচারী মনোভাবাপন্ন ব্যক্তিরা হার মেনে নিতে পারেন না, তাই তাঁরা কাউন্টিং বন্ধ করে দেওয়া থেকে শুরু করে অশান্তি ছড়ানোর পথ বেছে নিতে পারেন।

Truth of Bengal: এবারের বিধানসভা নির্বাচনে নির্বাচন কমিশন অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের প্রতিশ্রুতি দিলেও, ভোটগণনার দিন অশান্তির আশঙ্কা প্রকাশ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। ভোটগণনার দিন তৃণমূল নেতৃত্ব গন্ডগোল পাকাতে পারে বলে আশঙ্কা করে তিনি নাম না করেই তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুলনা টেনেছেন। দিলীপ ঘোষের মতে, স্বৈরাচারী মনোভাবাপন্ন ব্যক্তিরা হার মেনে নিতে পারেন না, তাই তাঁরা কাউন্টিং বন্ধ করে দেওয়া থেকে শুরু করে অশান্তি ছড়ানোর পথ বেছে নিতে পারেন।

দিলীপ ঘোষের এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল। দলের নেতা শান্তনু সেন পালটা তোপ দেগে বলেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদির সুসম্পর্ক কারোরই অজানা নয়। বিজেপি-র অন্দরে কোণঠাসা হয়ে পড়া দিলীপ ঘোষ এখন নিজের গুরুত্ব বাড়াতে এই ধরণের পরোক্ষ আক্রমণ করছেন বলেও অভিযোগ করেন তিনি।

ভোটগণনায় কারচুপি রুখতে ইতিমধ্যেই সক্রিয় হয়েছে গেরুয়া শিবির। অবিভক্ত মেদিনীপুরের ৩৫টি বিধানসভা আসনের প্রার্থী, এজেন্ট এবং নেতাদের নিয়ে মেচেদায় একটি বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে বিজেপি। সেখানে দিলীপ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন দিব্যেন্দু অধিকারী, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব ভূপেন্দ্র যাদব, জে পি রাঠোর, সুনীল বনশল ও অমিত মালব্য।

গণনাকর্মী হিসেবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগের বিষয়ে তৃণমূলের সুপ্রিম কোর্টে দায়ের করা মামলা নিয়েও মুখ খুলেছেন শমীক ভট্টাচার্য। তিনি এই মামলাকে ‘ভিত্তিহীন’ বলে কটাক্ষ করেন এবং আইনজীবী কপিল সিব্বলকে তৃণমূল কত টাকা দিচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলেন। জনগণ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে বলেই এমন মামলা করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

Related Articles