বৃষ্টির ভ্রুকুটি উপেক্ষা করে বীরভূমে পুজো কার্নিভালের প্রস্তুতি তুঙ্গে
তবে এবছর অংশগ্রহণকারীর সংখ্যা গত বছরের তুলনায় কিছুটা কম হতে চলেছে।
Truth Of Bengal: পার্থ দাস, বীরভূম: ৪ সেপ্টেম্বর সিউড়ি সার্কিট হাউস মোড়ে অনুষ্ঠিত হতে চলেছে ২০২৫ সালের দুর্গাপুজোর কার্নিভাল। জেলার বিভিন্ন ক্লাবের প্রতিমা সুসজ্জিত করে এই কার্নিভালে অংশগ্রহণ করবে। আয়োজকদের তরফে জানানো হয়েছে, সিউড়ি, বোলপুর ও রামপুরহাট—এই তিনটি সাব-ডিভিশন থেকে মোট ১৫টি করে প্রতিমা কার্নিভালে অংশ নেবে। ইতিমধ্যেই কার্নিভালের জন্য মঞ্চ সাজানো থেকে শুরু করে আলোকসজ্জা—সব প্রস্তুতি তুঙ্গে।(Birbhum)
দর্শকদের নিরাপত্তার জন্য ব্যারিকেড বসানো হয়েছে এবং কড়া নজরদারি থাকবে। তবে এবছর অংশগ্রহণকারীর সংখ্যা গত বছরের তুলনায় কিছুটা কম হতে চলেছে। কারণ দশমীর সকাল থেকেই অনবরত বৃষ্টি শুরু হয়েছে। সিউড়ির পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হওয়ায় পুজো কমিটিগুলির মধ্যে উদ্বেগ বাড়ছে।(Birbhum)
ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য শুক্রবার বিকেল ৩টা থেকে সার্কিট হাউস মোড় সংলগ্ন এলাকায় যান চলাচল বন্ধ রাখা হবে। বেণীমাধব মোড় থেকে এসপি মোড় পর্যন্ত যান চলাচলে নিষেধাজ্ঞা জারি থাকবে। তবে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের জরুরি বিভাগের গাড়ির জন্য ছাড় দেওয়া হবে। কার্নিভাল শুরু হলে সার্কিট হাউস মোড়ের আশেপাশের রাস্তায় সম্পূর্ণ যান চলাচল বন্ধ থাকবে।জানা গেছে, কার্নিভালের মূল মঞ্চে উপস্থিত থাকবেন জেলার প্রশাসনিক আধিকারিকরা, আমন্ত্রিত অতিথিরা, স্থানীয় বিধায়ক ও সাংসদরা। প্রতিমা নিয়ে অংশগ্রহণ করা প্রতিটি ক্লাবকেই এই মঞ্চ থেকে পুরস্কৃত করা হবে।বৃষ্টির অনিশ্চয়তার মাঝেও জেলা জুড়ে কার্নিভাল ঘিরে উন্মাদনা তুঙ্গে। চলছে জোরকদমে প্রস্তুতি।(Birbhum)






