রাজ্যের খবর

গুলিতে ঝাঁঝরা তৃণমূল পঞ্চায়েত প্রধানের ছেলে! কোচবিহারে সোরগোল

স্থানীয় সূত্রে জানা গেছে, পুরনো বিবাদের জেরে এদিন অমর রায়ের সঙ্গে কয়েকজনের বচসা বাধে।

Truth Of Bengal: দিনের আলোতেই গুলির শব্দে কেঁপে উঠল কোচবিহারের (Cooch Behar) ডোডেয়ার হাট এলাকা। শনিবার দুপুরে ভরা বাজারে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা ও ডাউয়াগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলে অমর রায় (৩০)। ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হন, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

[আরও পড়ুন: Bangladesh election: বাংলাদেশের নির্বাচন নিয়ে সাংবাদিক বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার]

স্থানীয় সূত্রে জানা গেছে, পুরনো বিবাদের জেরে এদিন অমর রায়ের সঙ্গে কয়েকজনের বচসা বাধে। এর মাঝেই বাইকে চেপে আসা দু’জন দুষ্কৃতী অমরকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি তাঁর মাথায় লাগে এবং তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। অন্য এক ব্যক্তি পায়ে গুলি লাগায় মাটিতে পড়ে যান। দ্রুত দু’জনকেই কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা অমরকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে, মুহূর্তে বন্ধ হয়ে যায় দোকানপাট। প্রাক্তন সাংসদ ও তৃণমূল নেতা পার্থপ্রতিম রায় সামাজিক মাধ্যমে শোকপ্রকাশ করে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।পুলিশের প্রাথমিক অনুমান, ব্যক্তিগত শত্রুতার জেরেই এই হামলা। তবে যেভাবে পরিকল্পিতভাবে গুলি চালানো হয়েছে, তাতে ধারণা করা হচ্ছে অমরের উপর আগে থেকেই নজরদারি চালানো হচ্ছিল। এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি (Cooch Behar)।

[আরও পড়ুন: Political Harmony: বাম নেতার হাতে রাখি বাঁধলেন তৃণমূল বিধায়ক লাভলি, কী বললেন সুজন?]

কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান, বাইকে করে এসে দুই দুষ্কৃতী অমর রায় ও তাঁর সঙ্গীকে গুলি করে। একজনের মৃত্যু হয়েছে, অপরজন চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। চলতি বছর মালদায় খুন হন স্থানীয় ইংলিশবাজার পুরসভার কাউন্সিলর দুলাল সরকার ওরফে বাবলা। শুধু তাই নয় দক্ষিণ ২৪ পরগণার ভাঙরে একটি বাজারের কাছে বাড়ি ফেরার পথে গুলি করে খুন করা হয় এক তৃণমূল নেতাকে। এই ঘটনার রেশ কাটতে না কাটতে কোচবিহারের ডোডেয়ার হাট এলাকায় খুন হলেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধানের ছেলে।

Related Articles