নারদ তদন্ত: ভোটের মুখে ফের সিবিআই তলব ম্যাথু স্যামুয়েলকে
CBI summons Mathew Samuel again in face of vote

The Truth Of Bengal : ম্যাথু স্যামুয়েলকে ফের তলব। ভোটের মুখে নারদ-কাণ্ডের তদন্তে তৎপর সিবিআই। নারদ-কাণ্ডে বেশ কিছু নতুন তথ্য সিবিআইয়ের হাতে এসেছে বলে সূত্রের খবর। সেই ভিত্তিতেই প্রাক্তন নারদকর্তাকে তলব করা হয়েছে। আগামী ৪ এপ্রিল কলকাতার নিজাম প্যালেসে স্যামুয়েলকে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে সিবিআই।
এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে তলব করা হয়েছিল স্যামুয়েলকে। যদিও সেই সময়ে সিবিআই দফতরে হাজিরা দেননি তিনি। তিনি জানিয়েছিলেন, ‘কলকাতায় সিবিআই অফিস থেকে আমাকে সমন পাঠানো হয়, যাতে ১৮ সেপ্টেম্বর হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তদন্তকারী অফিসার আমার সঙ্গে যোগাযোগ করলে আমি তাঁকে স্পষ্ট জানিয়ে দিই, তদন্তকারী সংস্থা যদি আমার বিমানের টিকিট ও থাকার খরচ না দেয়, তা হলে আমি হাজির হতে পারব না।’ তারপর ভোটের মুখে আবার তলব ম্যাথুকে।
লোকসভা ভোটের মুখে হঠাৎই বাংলার নারদ কেলেঙ্কারির তদন্ত নিয়ে সিবিআই সক্রিয় হওয়ায় নানা প্রশ্ন উঠছে। বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে, কেন এতদিন চুপচাপ থেকে এখন ভোটের মুখে সক্রিয় হল সিবিআই? ২০১৬ সালে সেই ভিডিয়ো প্রকাশ্যে আসে নারদনিউজ ডট কমে। এই ভিডিয়ো প্রকাশ করে ম্যাথু স্যামুয়েল বলেছিলেন, তিনি তেহলকার হয়ে ওই গোপন ক্যামেরায় ইভিযান চালালেও পরে তেহলকা ওই ভিডিয়ো প্রকাশ্যে আনেনি। দু’বছর পর অন্য ওয়েবসাইটে ওই ভিডিয়ো প্রকাশ করেন স্যামুয়েল। যা নিয়ে সোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। সেই স্ট্রিং অপারেশন যিনি করেছিলেন, সেই ম্যাথু স্যামুয়েলকে আবার তলব করল সিবিআই।






