কলকাতারাজ্যের খবর

আধার-ভোটার কার্ড দেখালেই বিনামূল্যে বাস সফর! আগস্ট থেকেই কি বাধ্যতামূলক পিঙ্ক কার্ড?

এই পরিষেবা দীর্ঘমেয়াদে চালিয়ে নিয়ে যেতে মহিলাদের জন্য বিশেষ ‘পিঙ্ক কার্ড’ চালুর ঘোষণা করেছিল পরিবহণ দপ্তর

Truth of Bengal: পশ্চিমবঙ্গে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুবিধা চালু করেছে রাজ্য সরকার। গত ১ জুন থেকে আধার কার্ড কিংবা ভোটার কার্ডের মতো পরিচয়পত্র দেখিয়েই সরকারি বাসে বিনামূল্যে ভ্রমণ করতে পারছেন মহিলা যাত্রীরা। তবে এই পরিষেবা দীর্ঘমেয়াদে চালিয়ে নিয়ে যেতে মহিলাদের জন্য বিশেষ ‘পিঙ্ক কার্ড’ চালুর ঘোষণা করেছিল পরিবহণ দপ্তর। প্রাথমিক ভাবে জানানো হয়েছিল, ১ আগস্ট থেকে সরকারি বাসে বিনামূল্যে যাত্রার জন্য এই কার্ড বাধ্যতামূলক করা হবে।যদিও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনই পিঙ্ক কার্ড নিয়ে কোনও কড়াকড়ি করা হচ্ছে না। পরিবহণ দপ্তর সূত্রে খবর, আবেদন প্রক্রিয়া সম্পর্কে এখনও অনেক যাত্রীর কাছে স্পষ্ট তথ্য পৌঁছয়নি। কোথায় আবেদন করতে হবে, কী কী নথি প্রয়োজন এবং কীভাবে কার্ড পাওয়া যাবে—এই সব বিষয় নিয়ে বহু মহিলার মধ্যে বিভ্রান্তি রয়েছে।

সেই কারণেই আপাতত আগের মতো পরিচয়পত্র দেখিয়ে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুযোগ বজায় থাকবে। পিঙ্ক কার্ড না থাকলেও মহিলা যাত্রীদের এখনই ফ্রি ভ্যালু টিকিট পেতে সমস্যায় পড়তে হবে না। পরিবহণ দপ্তরের তরফে জানানো হয়েছে, পিঙ্ক কার্ডের জন্য অনলাইন এবং অফলাইন—দুই পদ্ধতিতেই আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া আরও সহজ করা এবং সাধারণ মানুষের কাছে প্রয়োজনীয় তথ্য পৌঁছে দেওয়ার কাজ চলছে। আগে কার্ড তৈরির জন্য দুই মাস সময় দেওয়ার কথা জানানো হয়েছিল। তবে পর্যাপ্ত সংখ্যক যাত্রীর আবেদন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত পিঙ্ক কার্ড বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কার্যকর করা হবে না বলেই ইঙ্গিত মিলেছে।

ফলে আপাতত আধার কার্ড, ভোটার কার্ড কিংবা স্বীকৃত পরিচয়পত্র দেখিয়েই সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মহিলারা। পরবর্তী সময়ে পিঙ্ক কার্ড বাধ্যতামূলক করার আগে পরিবহণ দপ্তরের তরফে নতুন করে নির্দেশিকা জারি করা হতে পারে।