কাকলির ক্লিনিকে হঠাৎ দেখা শশী পাঁজার, এনসিপিআই-তে যোগদানের জল্পনা রাজনৈতিক মহলে
দীর্ঘদিন রাজনৈতিক আলোবৃত্তের বাইরে থাকার পর আচমকা কাকলির সঙ্গে তাঁর এই গোপনীয় বৈঠক রাজ্য রাজনীতিতে প্রবল জল্পনার জন্ম দিয়েছে।
Truth of Bengal: তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের অত্যন্ত বিশ্বস্ত ও প্রভাবশালী ‘মহিলা ব্রিগেডে’র শেষ অবশিষ্ট সেনানী কি এবার দলবদলের পথে? শনিবার কালীঘাটে এনসিপিআই (NCPI) সাংসদ ড. কাকলি ঘোষ দস্তিদারের ফার্টিলিটি ক্লিনিকে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ড. শশী পাঁজা। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে শ্যামপুকুর কেন্দ্র থেকে পরাজিত হওয়ার পর থেকেই মূলত অন্তরালে চলে গিয়েছিলেন শশী পাঁজা। দীর্ঘদিন রাজনৈতিক আলোবৃত্তের বাইরে থাকার পর আচমকা কাকলির সঙ্গে তাঁর এই গোপনীয় বৈঠক রাজ্য রাজনীতিতে প্রবল জল্পনার জন্ম দিয়েছে।
ভোটে বিপর্যয়ের পর ঘাসফুল শিবিরে কার্যত ধস নেমেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ৪ সদস্যের বিশ্বস্ত মহিলা ব্রিগেডের তিন সদস্য—কাকলি ঘোষ দস্তিদার, চন্দ্রিমা ভট্টাচার্য ও কৃষ্ণা চক্রবর্তী ইতিমধ্যেই দল ছেড়েছেন। কাকলি ঘোষ দস্তিদার যোগ দিয়েছেন ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআইতে এবং বর্তমানে তিনি লোকসভায় দলটির মুখ্য সচেতকের দায়িত্ব পালন করছেন। অন্যদিকে চন্দ্রিমা ভট্টাচার্য ও কৃষ্ণা চক্রবর্তী যোগ দিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ‘আসল তৃণমূল’ শিবিরে। ফলে শশী পাঁজাই ছিলেন এই ব্রিগেডের শেষ মুখ, যিনি এতদিন কোনো শিবিরে নাম লেখাননি।
পরাজয়ের পর শশী পাঁজা অন্ধ্রপ্রদেশে নিজের আদিবাড়িতে চলে গিয়েছিলেন বলে গুঞ্জন ছড়িয়েছিল। তবে আগস্টের শুরুতেই শনিবার হরিশ চ্যাটার্জি স্ট্রিটের কাছে কাকলির ক্লিনিকে তাঁর উপস্থিতি নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। যদিও এই সাক্ষাৎ নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে শশী পাঁজা জানিয়েছেন এটি সম্পূর্ণ ব্যক্তিগত একটি সফর, তবুও রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, এনসিপিআই-তে যোগদানের সলতে পাকা করতেই প্রাক্তন এই নারী ও শিশুকল্যাণ মন্ত্রী কাকলির সঙ্গে দেখা করেছেন।






