রাজ্যের খবর

আদালতের নির্দেশে ফের জাহাঙ্গিরের বাড়ি ভাঙার কাজ, দ্বিতীয় দিনেও ফলতায় কড়া নজরদারি প্রশাসনের

বাড়ির বাইরে সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগও নেওয়া হয়েছে

Truth of Bengal: আদালতের নির্দেশ মেনে বুধবারের পর বৃহস্পতিবারও ফলতার প্রাক্তন তৃণমূল নেতা জাহাঙ্গির খানের বহুতল বাড়ি ভাঙার কাজ চালাল প্রশাসন। বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ হাতুড়ি, ড্রিল মেশিন ও ভাইব্রেটর নিয়ে বাড়ি ভাঙার কাজে নামেন শ্রমিকেরা। গোটা প্রক্রিয়ায় যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য ঘটনাস্থলে মোতায়েন রয়েছে প্রশাসনের একাধিক আধিকারিক ও কর্মী। বৃহস্পতিবার সকাল থেকেই ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন ফলতার বিডিও সন্দীপ সিংহ রায়। পাশাপাশি রয়েছেন পুলিশ আধিকারিক, অসামরিক প্রতিরক্ষা দফতর এবং বিদ্যুৎ পর্ষদের কর্মীরাও। প্রশাসনের নজরদারিতেই চলছে বহুতল ভাঙার কাজ। এদিকে, বাড়ির বাইরে সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগও নেওয়া হয়েছে। ভাঙার কাজের প্রতিটি পর্যায়ের উপর নজর রাখতে এবং গোটা প্রক্রিয়ার রেকর্ড সংরক্ষণ করতেই এই ব্যবস্থা বলে মনে করা হচ্ছে।

জাহাঙ্গিরের বাড়ি নির্মাণ ঘিরে অনিয়মের অভিযোগ অবশ্য নতুন নয়। ফলতার শ্রীরামপুর এলাকায় তাঁর বহুতল বাড়িটি নিয়ম মেনে তৈরি হয়েছিল কি না, তা নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল। অভিযোগ জমা পড়েছিল জেলা প্রশাসনের কাছেও। প্রশাসনিক নিয়ম অনুযায়ী, দোতলার বেশি উঁচু বাড়ি নির্মাণের ক্ষেত্রে জেলা পরিষদের অনুমোদন প্রয়োজন। সেই অনুমোদন ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে জেলা প্রশাসন। পরবর্তীতে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। আদালতের তরফে বাড়ি ভাঙার অনুমতি মেলার পরই সক্রিয় হয় প্রশাসন। একাধিকবার জাহাঙ্গিরের নামে নোটিস পাঠানো হয়। শুনানিতে হাজির হওয়ার জন্যও তাঁকে ডাকা হয়েছিল। কিন্তু তিনি হাজির হননি বলে প্রশাসনিক সূত্রে খবর। বেআইনি নির্মাণ সরিয়ে ফেলার জন্য সাত দিনের সময়সীমা দেওয়া হলেও সেই নির্দেশ কার্যকর হয়নি। এরপরই প্রশাসনের তরফে সরাসরি বাড়ি ভাঙার কাজ শুরু করা হয়।

বুধবার, ভাইফোঁটার দিন সকাল থেকেই বাড়ি ভাঙার প্রস্তুতি শুরু হয়েছিল। প্রথমে বহুতলের ভিতরে থাকা আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী সরিয়ে নেওয়া হয়। এরপর শুরু হয় নির্মাণ ভাঙার কাজ। বৃহস্পতিবার দ্বিতীয় দিনেও সেই প্রক্রিয়া অব্যাহত রয়েছে। উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ফলতা কেন্দ্র থেকে জাহাঙ্গির খানকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত ছিলেন তিনি। নির্বাচনের দিন একাধিক অনিয়মের অভিযোগ ওঠার পর ওই কেন্দ্রে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। তবে পুনর্নির্বাচনের দু’দিন আগে ভোটের লড়াই থেকে সরে দাঁড়ান জাহাঙ্গির। নিজেকে দক্ষিণী সিনেমার জনপ্রিয় চরিত্র ‘পুষ্পা’র সঙ্গে তুলনা করেও আলোচনায় এসেছিলেন তিনি। এরপর তোলাবাজি ও ভয় দেখানো-সহ একাধিক অভিযোগে নেপাল সীমান্ত থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে গ্রেফতার হন তাঁর স্ত্রীও। বর্তমানে দু’জনেই জেলবন্দি। একদিকে জাহাঙ্গিরের বিরুদ্ধে চলা মামলার তদন্ত, অন্যদিকে আদালতের নির্দেশে তাঁর বাড়ি ভাঙার কাজ—সব মিলিয়ে ফলতার রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

Related Articles