কলকাতা

অভিষেকের কার্যালয়ে মারাত্মক হামলা! সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনে সরাসরি সুর চড়ালেন অভিষেক

অভিষেক ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

Truth of Bengal: ক্যামাক স্ট্রিটে তৃণমূলের দফতরে ভোররাতে হামলা ও ভাঙচুরের অভিযোগ ঘিরে নতুন করে উত্তেজনা ছড়াল রাজ্য রাজনীতিতে। তৃণমূলের দাবি, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টে নাগাদ কয়েকজন দুষ্কৃতী দফতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। সেখানে উপস্থিত কর্মীদের মারধর করা হয় এবং তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় বলেও অভিযোগ। ঘটনার পরই সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। যদিও প্রকাশিত ওই ফুটেজের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি। তৃণমূলের অভিযোগ, অস্ত্রশস্ত্র নিয়ে একদল দুষ্কৃতী দফতরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে এবং কর্মীদের উপর চড়াও হয়।

ঘটনার পর পুলিশি ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিষেক। তাঁর দাবি, তৃণমূল কর্মী এবং আইনজীবীরা বারবার ফোন ও ইমেল করলেও প্রায় দু’ঘণ্টা পর্যন্ত পুলিশের তরফে কোনও কার্যকর সাড়া মেলেনি। বিষয়টিকে তিনি অত্যন্ত গুরুতর বলে আখ্যা দিয়েছেন। অভিষেকের দাবি, শুধু হামলাকারীদের গ্রেফতার করলেই হবে না, গোটা ঘটনার নেপথ্যে কারা রয়েছে, সেটাও খুঁজে বের করতে হবে। কারা হামলার পরিকল্পনা করেছিল, কারা তা সংগঠিত করেছিল এবং কার নির্দেশে এই ঘটনা ঘটেছে—তার পূর্ণাঙ্গ তদন্ত চান তিনি। পাশাপাশি, অভিযোগ জানানোর পরও পুলিশ কেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়নি, তারও জবাবদিহি চেয়েছেন তৃণমূল নেতা।

ঘটনাকে সামনে রেখে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিষেক। তাঁর বক্তব্য, যদি ভোররাতে অস্ত্রধারীরা কোনও রাজনৈতিক দলের অফিসে ঢুকে কর্মীদের মারধর করতে পারে, মোবাইল কেড়ে নিতে পারে এবং ভাঙচুর চালাতে পারে, অথচ পুলিশ নিষ্ক্রিয় থাকে, তাহলে রাজ্যে আইনশৃঙ্খলার অবস্থা নিয়েই প্রশ্ন ওঠে। তৃণমূলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও এই হামলা নিয়ে পোস্ট করা হয়েছে। সেখানে প্রশ্ন তোলা হয়েছে, দুষ্কৃতীরা কীভাবে অফিসের ভিতরের বিন্যাস এবং প্রতিটি কোণ সম্পর্কে এতটা পরিচিত ছিল। একই সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিশানা করে রাজনৈতিক হিংসাকে হাতিয়ার করার অভিযোগও তুলেছে তৃণমূল। অন্যদিকে, বিজেপি নেতা সজল ঘোষ সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

Related Articles