রাজ্যের খবর

ড্রেন থেকে উদ্ধার গুচ্ছ-গুচ্ছ ভোটার কার্ড, এলাকায়  চাঞ্চল্য

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ড্রেন থেকে পড়ে থাকা ভোটার কার্ডগুলি উদ্ধার করে নিয়ে যায়।

Truth Of Bengal: পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের গোসাই বাজার এলাকায় ড্রেন থেকে একাধিক ভোটার কার্ড উদ্ধার ঘিরে চাঞ্চল্য । শনিবার সকালেই স্থানীয় বাসিন্দারা একটি ড্রেনে বেশ কিছু ভোটার কার্ড পড়ে থাকতে দেখেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকায় শুরু হয় জোর চর্চা।

খবর দেওয়া হয় চন্দ্রকোণা থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ড্রেন থেকে পড়ে থাকা ভোটার কার্ডগুলি উদ্ধার করে নিয়ে যায়। কীভাবে এবং কোথা থেকে এতগুলি ভোটার কার্ড সেখানে এল, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। বিষয়টি নিয়ে প্রশাসনিক তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।বিজেপি নেতা সুদীপ্ত কুশারি বলেন, ড্রেনে ভোটার কার্ড পড়ে থাকার ঘটনা অত্যন্ত গুরুতর। প্রশাসন সঠিক তদন্ত করে বিষয়টি জনসমক্ষে আনুক। কীভাবে ভোটার কার্ড ড্রেনে এল, তা পরিষ্কার হওয়া দরকার।

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ছায়া দোলই জানান, প্রশাসন বিষয়টি খতিয়ে দেখবে। এটা প্রশাসনিক বিষয়, এ নিয়ে আমার কিছু বলার নেই।সিপিআইএম নেতা সুস্মিত পাল অভিযোগ করে বলেন, সাধারণ মানুষের ভোটার কার্ড চুরি করে ভোটে ছাপ্পা দেওয়া হয়েছে বলেই তৃণমূল জেতে। এটাই তাদের সংস্কৃতি।ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের পরই পরিষ্কার হবে কীভাবে ভোটার কার্ডগুলি ড্রেনে এল এবং এর পিছনে কোনও অসৎ উদ্দেশ্য ছিল কি না।

Related Articles