রাজ্যের খবর

কালীপুজোর আগে ভোররাতে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ, দাউ দাউ করে জ্বলল গাড়ি

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত থেকে একটি মোরাম বোঝাই ডাম্পার তেমাথানি পটাশপুর রাজ্য সড়কের উপর দাঁড়িয়ে ছিল নীলা বাসস্ট্যান্ডের কাছাকাছি।

Truth Of Bengal: শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: কালীপুজোর আগের দিনে ভয়াবহ দুর্ঘটনায় কেঁপে উঠল পশ্চিম মেদিনীপুর। রবিবার ভোরে প্রায় সাড়ে চারটে নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের নীলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঘটে যায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। দুটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষের ফলে ঘটে এই অগ্নিকাণ্ড।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত থেকে একটি মোরাম বোঝাই ডাম্পার তেমাথানি পটাশপুর রাজ্য সড়কের উপর দাঁড়িয়ে ছিল নীলা বাসস্ট্যান্ডের কাছাকাছি। সেই সময় পটাশপুর দিক থেকে আসা একটি ১৮ চাকার মালবোঝাই ডাম্পার হঠাৎই দাঁড়িয়ে থাকা ডাম্পারটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় বিস্ফোরণ ঘটেই যায়, সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় চলন্ত ডাম্পারটিতে।

দাউ দাউ করে জ্বলে ওঠে বিশাল ডাম্পারটি। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে কাছাকাছি থাকা এক স্থানীয় বাসিন্দার খড়ের গাদায়। কয়েকশো মিটার দূর থেকেও দেখা যায় ঘন কালো ধোঁয়া। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের চারটি ইঞ্জিন। প্রায় চার থেকে পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে।

ঘটনার জেরে দীর্ঘক্ষণ বন্ধ ছিল যান চলাচল। রাজ্য সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় সবং থানার পুলিশ। তাঁরা দ্রুত যানজট নিয়ন্ত্রণে আনেন এবং এলাকায় নজরদারি শুরু করেন যাতে কেউ জ্বলন্ত গাড়ির কাছে না যান।

এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। তবে দুর্ঘটনাটি কালীপুজোর আগে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে গোটা এলাকায়। প্রশাসনের তরফ থেকে স্থানীয়দের সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে।

Related Articles