পরিত্যক্ত গাড়ি থেকে উদ্ধার দেহ, চাঞ্চল্য জলঙ্গীতে
প্রাথমিক তদন্তের পর দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে এখনও পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
Truth Of Bengal: মুর্শিদাবাদ জেলার জলঙ্গীতে একটি পরিত্যক্ত চারচাকা গাড়ির ভেতর থেকে পচাগলা মৃতদেহ উদ্ধার। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। শনিবার সকালে রাজ্য সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি পুরনো গাড়ি ঘিরেই সামনে আসে এই রহস্যজনক ঘটনা।স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে এক গ্যারেজ মালিক গাড়িটির পার্টস খুলতে গিয়ে তীব্র দুর্গন্ধ টের পান।
সন্দেহ হওয়ায় তিনি গাড়ির দরজা খুলে ভিতরে তাকাতেই দেখতে পান একটি পচাগলা মৃতদেহ পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গেই বিষয়টি জলঙ্গী থানায় খবর দেওয়া হয়।খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। প্রাথমিক তদন্তের পর দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে এখনও পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। কীভাবে ওই গাড়ির ভিতরে দেহটি এল, তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে।
স্থানীয়দের একাংশের দাবি, কয়েক বছর ধরে এলাকায় এক মানসিক ভারসাম্যহীন যুবক ঘোরাঘুরি করতেন। গত কয়েক মাস ধরে তাঁকে আর দেখা যায়নি। তাঁদের অনুমান, উদ্ধার হওয়া দেহটি ওই যুবকের হতে পারে। যদিও পুলিশ এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি।ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্ক ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। রহস্যজনক মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট ও ফরেনসিক পরীক্ষার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।






