চিকেন বিরিয়ানির বিজ্ঞাপনে মা দুর্গার ছবি! মহালয়ার রাতেই হুগলিতে তুমুল তাণ্ডব
"সনাতনের অপমান বরদাস্ত নয়!" রে রে করে উঠলেন বিধায়ক দীপাঞ্জন, পুলিশের হস্তক্ষেপে বড় পদক্ষেপ!
Truth of Bengal: মহালয়ার রাতেই চরম উত্তেজনায় ফুটল হুগলি। একটি নামী বিরিয়ানি দোকানের বিজ্ঞাপনী হোর্ডিংয়ে মা দুর্গার ছবি ব্যবহারকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের একাংশ এবং রাজনৈতিক কর্মীদের তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ল এলাকায়। শনিবার গভীর রাতে এই নজিরবিহীন ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে হিন্দমোটর বেঙ্গল শ্রীরাম গ্র্যান্ড সিটি এলাকা। খবর পাওয়া মাত্রই ময়দানে নামেন উত্তরপাড়ার বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। পরিস্থিতি বেগতিক বুঝে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ প্রশাসন এবং বিরিয়ানির দোকানের বিতর্কিত সমস্ত হোর্ডিং খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হিন্দমোটর এলাকায় রাস্তার ধারে চিকেন ও ডিম বিরিয়ানির প্রচারমূলক প্রকাণ্ড হোর্ডিং ঝোলানো হয়েছিল। কিন্তু সেই আমিষ খাবারের বিজ্ঞাপনে হিন্দু দেবী মা দুর্গার ছবি দেখতে পেয়েই ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী ও স্থানীয় সনাতনী ধর্মাবলম্বীরা। সঙ্গে সঙ্গেই হোর্ডিংয়ের ভিডিও করে সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়, যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে দেখা গিয়েছে, হোর্ডিংয়ে থাকা নম্বরে ফোন করে দোকানের মালিককে কড়া ভাষায় শাসন করছেন ক্ষুব্ধ বিজেপির কর্মীরা। ‘সনাতন ধর্মের এমন অপমান কোনওভাবেই বরদাস্ত করা হবে না’ বলে মালিককে অবিলম্বে অ্যাকশনের হুঁশিয়ারি দেওয়া হয়।
ঘটনার খবর পাওয়া মাত্রই কড়া প্রতিক্রিয়া জানান উত্তরপাড়ার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। তিনি অবিলম্বে স্থানীয় দলীয় কর্মীদের সোচ্চার হওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি পুলিশ প্রশাসনকে পদক্ষেপ করতে বলেন। বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দিয়ে বিধায়ক প্রশ্ন তোলেন, “আপনার সন্তান যদি মদের বিজ্ঞাপনে নিজের মায়ের ছবি লাগায়, আপনি কি তা মেনে নিতে পারবেন? আমাদের ধর্মীয় ভাবাবেগ ও হিন্দু সমাজের আদর্শকে অপমান করা হয়েছে। পুলিশ যদি দ্রুত ব্যবস্থা না নিত, তবে আমরাই নিজেদের মতো করে দেখে নিতাম।”
অবশেষে পুলিশের মধ্যস্থতায় সামাল দেওয়া হয় পরিস্থিতি। পুলিশের তরফে কড়া সতর্কতা জারির পর অভিযুক্ত বিরিয়ানির দোকানের মালিক থানায় গিয়ে লিখিতভাবে ক্ষমা চেয়েছেন এবং সমস্ত বিজ্ঞাপনী হোর্ডিং সরিয়ে ফেলার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রসঙ্গত, মাসখানেক আগেই দুর্গাপুজোয় আমিষ আহার গ্রহণকারীদের নিয়ে বাগেশ্বর বাবার মন্তব্য বিতর্কের ঝড় তুলেছিল। এবার দেবীপক্ষে বিরিয়ানির ব্যানার ঘিরে তৈরি হওয়া এই নতুন বিতর্ক নিঃসন্দেহে উৎসবের মরসুমে উত্তাপ আরও বাড়িয়ে দিল।





