রাজ্যের খবর

সন্দেশখালিতে পুকুর থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার যুবতীর মৃতদেহ

Body of young woman recovered with hands and feet tied from pond in Sandeshkhali

Truth Of Bengal: উত্তর ২৪ পরগনার সন্দেশখালি থেকে এক মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে এসেছে। চারদিন নিখোঁজ থাকার পর শনিবার ভোরে উচ্চ মাধ্যমিকের এক ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয় বাড়ির পাশের একটি পুকুর থেকে। ঘটনাটি ঘটেছে ন্যাজাট থানার কালিনগর গ্রাম পঞ্চায়েতের ঘোষপুর এলাকায়।

নিহত ছাত্রী সরমা মুন্ডা (১৮) গত ৪ ডিসেম্বর বিকেলে নিখোঁজ হয়। তার মা সাগরিকা মুন্ডা ন্যাজাট থানায় নিখোঁজ সংক্রান্ত ডায়েরি করেন। চারদিন ধরে তল্লাশি চলার পর শনিবার সকালে বাড়ি থেকে মাত্র ৫০০ মিটার দূরে পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখা যায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

ছাত্রীর পরিবারের দাবি, সরমাকে পরিকল্পিতভাবে খুন করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে দোষীদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে।

এদিকে, ন্যাজাট থানার পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। তারা সরমার মোবাইল ফোনের কল লিস্ট পরীক্ষা করছে এবং তার সহপাঠীদের জিজ্ঞাসাবাদ করছে। খুন নাকি আত্মহত্যা, তা নিশ্চিত করতে সব দিক খতিয়ে দেখছে পুলিশ।

এই ঘটনার ফলে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ তদন্তের অগ্রগতির দিকে নজর রাখছে।

Related Articles