রাজ্যের খবর

বিষ্ণুপুরে উদ্ধার পূর্ণবয়স্ক লেপার্ডের মৃতদেহ! দেখুন ভিডিয়ো

বন দফতর জানিয়েছে, লেপার্ডটির শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

Truth Of Bengal: বিষ্ণুপুরে উদ্ধার পূর্ণবয়স্ক লেপার্ডের মৃতদেহ! বিষ্ণুপুর বনবিভাগের বাঁকাদহ রেঞ্জের উপরশোল বিটের পচাডহরা এলাকায় বাঁকাদহ জয়রামবাটি সড়কে উদ্ধার করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে বন দফতরের কাছে খবর আসে বাঁকাদহ জয়রামবাটি রাস্তার ধারে পচাডহরা এলাকায় একটি লেপার্ডের মৃতদেহ পড়ে রয়েছে। তড়িঘড়ি বন কর্মীরা ছুটে যায় এলাকায়। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর পাঞ্চেত বনবিভাগে পাঠানো হয়। বন দফতর জানিয়েছে, লেপার্ডটির শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। যা দেখে প্রাথমিকভাবে অনুমান পথ দূর্ঘটনাতেই মৃত্যু হয়েছে লেপার্ডটির।

লেপার্ডটি পূর্ণবয়স্ক পুরুষ লেপার্ড। সেক্ষেত্রে তার সঙ্গিনী সংলগ্ন জঙ্গলে থাকতে পারে এই আশায় তার খোঁজে এলিফ্যান্ট স্কোয়াডের ১৫ জন সদস্যকে নিয়ে রাতেই জঙ্গলে তল্লাশি শুরু করে বন দফতর। জঙ্গলের ভিতরে বন কর্মীরা লেপার্ডের একাধিক পায়ের ছাপ পেয়েছেন। এর আগে পুরুলিয়ায় বন দফতরের পাতা ট্র‍্যাপ ক্যামেরায় লেপার্ড পরিবারের উপস্থিতি টের পেয়েছিল বন দফতর। সেই ঘটনার পর এবার বাঁকুড়ায় পথ দূর্ঘটনায় লেপার্ডের মৃত্যুতে বন দফতর নিশ্চিত বাঁকুড়ার জঙ্গলেও লেপার্ডের উপস্থিতি রয়েছে।

Related Articles