রবিবার সকাল থেকেই কলকাতায় বৃষ্টি, দক্ষিণবঙ্গে ভারী বর্ষণ ও ঝোড়ো হাওয়ার সতর্কতা
সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করতে পারে।
Truth of Bengal: আবহাওয়া দফতরের পূর্বাভাসকে মিলিয়ে দিয়ে রবিবার ভোর থেকেই কলকাতা এবং তার পার্শ্ববর্তী শহরতলিতে বৃষ্টি শুরু হয়েছে। সকালের দিকে বৃষ্টির দাপট খুব বেশি না হলেও, জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে। আলিপুর আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে এবং শহরের বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময়ে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করতে পারে। গত ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি ছিল এবং সামান্য পরিমাণে (০.৫ মিলিমিটার) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
কলকাতার পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির তীব্রতা বেশি থাকতে পারে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলার দু-এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির (৭ থেকে ২০ সেন্টিমিটার) সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, হাওড়া, হুগলি, কলকাতা এবং পশ্চিম বর্ধমানের কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সাথে কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া ও ঝাড়গ্রামে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
অন্যদিকে, উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী ২৪ ঘণ্টায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও এক-দুটি স্থানে বজ্রবিদ্যুৎ-সহ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।
প্রতিকূল আবহাওয়ার কারণে উপকূলের মৎস্যজীবীদের জন্য আগামী চার দিনের বিশেষ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ৭ জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল এবং সংলগ্ন সমুদ্র এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যার সর্বোচ্চ গতিবেগ কোথাও কোথাও ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় ৪ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।






