রাজ্যের খবর

রাজ্য পুলিশের প্রশাসনিক স্তরে বড় রদবদল, বদলি ১৫ আইপিএস ও ডব্লিউবিপিএস আধিকারিকের

নবান্নের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আইপিএস অঞ্জন চক্রবর্তীকে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির (এফএসএল) আইজিপি পদে নিয়োগ করা হয়েছে।

Truth of Bengal: রাজ্য পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল রাজ্য সরকার। জেলা পুলিশ, গোয়েন্দা শাখা (আইবি), সিআইডি এবং কলকাতা পুলিশের একাধিক গুরুত্বপূর্ণ পদে বদলি ও পদোন্নতির বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। মোট ১৫ জন আইপিএস ও পশ্চিমবঙ্গ পুলিশ (ডব্লিউবিপিএস) আধিকারিককে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। কারও পদোন্নতি, কারও রুটিন বদলি, আবার কয়েকজনের ক্ষেত্রে পূর্ববর্তী বদলির নির্দেশ সংশোধন বা বাতিল করে নতুন পোস্টিং করা হয়েছে।

নবান্নের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আইপিএস অঞ্জন চক্রবর্তীকে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির (এফএসএল) আইজিপি পদে নিয়োগ করা হয়েছে। জুন মাসে জারি হওয়া তাঁর আগের বদলির নির্দেশে সংশোধন এনে এই নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এতদিন তিনি অ্যান্টি করাপশন ব্রাঞ্চ (এসিবি)-এর ডিআইজি পদে কর্মরত ছিলেন।আইপিএস সুমনজিৎ রায়কে ইন্টেলিজেন্স ব্রাঞ্চের (বর্ডার) আইজিপি করা হয়েছে। আইপিএস রশিদ মুনির খান পদোন্নতি পেয়ে হেডকোয়ার্টারের আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর ডিসি পদে থাকা আইপিএস প্রদীপকুমার যাদবকে কলকাতা পুলিশের চতুর্থ ব্যাটালিয়নের ডিসি করা হয়েছে। তাঁর পরিবর্তে হাওড়া পুলিশ কমিশনারেটের নর্থ ডিসি অম্লান কুসুম ঘোষকে এসটিএফ-এর ডিসি হিসেবে নিয়োগ করা হয়েছে।

কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈনকে কলকাতা পুলিশের ডিসি (ট্রাফিক) পদে পাঠানো হয়েছে। এর আগে তাঁকে হাওড়া পুলিশ কমিশনারেটের ডিসি (সেন্ট্রাল) হিসেবে বদলির নির্দেশ দেওয়া হলেও সেই নির্দেশ বাতিল করা হয়েছে।রানাঘাটের এসডিপিও সবিতা গোটিয়ালকে সিআইডিতে অ্যাডিশনাল এসপি হিসেবে নিয়োগ করা হয়েছে। ডব্লিউবিপিএস আধিকারিক শৌভনিক মুখোপাধ্যায়কে হাওড়া গ্রামীণ জেলার অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।এছাড়া ডব্লিউবিপিএস আধিকারিক সন্দীপ সেনকে ঝাড়গ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) পদে বদলি করা হয়েছে। তিনি এর আগে খড়্গপুরে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।অন্যদিকে, ডব্লিউবিপিএস আধিকারিক শ্যামলকুমার মণ্ডলকে সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

Related Articles