পুজোয় অতিরিক্ত ডিউটির স্বীকৃতি, পুলিশের জন্য বিশেষ ছুটি ঘোষণা
নির্দেশিকা অনুসারে, ২০২৫ সালে দুর্গাপুজো ও অন্যান্য সরকারি ছুটির সময় একটানা সাত দিনের বেশি ডিউটি করেছেন এমন কর্মীরা এই সুবিধার আওতায় আসবেন।
Truth of Bengal: দুর্গাপুজো-সহ বিভিন্ন গেজেটেড ছুটির সময় টানা ডিউটি করা পুলিশ ও হোমগার্ড কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ এবং হোমগার্ড ভলান্টিয়ারদের অতিরিক্ত কর্মদায়িত্বের স্বীকৃতি হিসেবে বিশেষ ছুটির সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকা অনুসারে, ২০২৫ সালে দুর্গাপুজো ও অন্যান্য সরকারি ছুটির সময় একটানা সাত দিনের বেশি ডিউটি করেছেন এমন কর্মীরা এই সুবিধার আওতায় আসবেন। তাঁদের জন্য মঞ্জুর করা হয়েছে বিশেষ ছুটি। এর পাশাপাশি আরও ২ দিনের স্পেশাল লিভ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সরকারি নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে, পদমর্যাদা নির্বিশেষে পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ এবং হোমগার্ড বাহিনীর সমস্ত যোগ্য কর্মী এই অতিরিক্ত ছুটির সুবিধা পাবেন।
দীর্ঘ সময় ধরে উৎসব ও ছুটির মরশুমে আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত কর্মীদের উৎসাহিত করতেই এই পদক্ষেপ বলে প্রশাসনিক মহলের দাবি।তবে এই ছুটি ভোগের ক্ষেত্রে কিছু শর্তও রাখা হয়েছে। নির্দেশ অনুযায়ী, মঞ্জুর হওয়া ছুটি ৩১ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে ব্যবহার করতে হবে। এছাড়া এই বিশেষ ছুটি অন্য কোনও প্রকার ছুটির সঙ্গে একটানা যুক্ত করে নেওয়া যাবে না বলেও স্পষ্ট করে দিয়েছে রাজ্য সরকার। উৎসবের সময় অতিরিক্ত দায়িত্ব পালনকারী পুলিশ ও হোমগার্ড কর্মীদের প্রতি সরকারের কৃতজ্ঞতার প্রতিফলন হিসেবেই এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।





