রাজ্যের খবর
বারুইপুরে পুলিশের বড় সাফল্য! ২৪টি দামি মোবাইল ও স্কুটিসহ গ্রেফতার দুই দুষ্কৃতী
ধৃত দুজনের নাম খুরশিদ আলম সরদার ও আবুজাফর সরদার।
গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা: বড়সড় সাফল্য পেল বারুইপুর পুলিশ জেলার জীবনতলার অন্তর্গত ঘুঁটিয়ারী শরীফ ফাঁড়ির পুলিশ। ২৪ টি দামী মোবাইল ফোন,একটি সোনার আংটি,একটি স্কুটি ও নগদ তিন হাজার ১০০ টাকা সহ দুই দুষ্কৃতিকে গ্রেফতার করলে পুলিশ। ধৃত দুজনের নাম খুরশিদ আলম সরদার ও আবুজাফর সরদার।
ধৃতদের বাড়ি জীবনতলা থানার অন্তর্গত বনমালীপুর এলাকায়। জানা গিয়েছে,বুধবার রাতে গোপন সুত্রে খবর পেয়ে ঘুঁটিয়ারী শরীফ ফাঁড়ির ওসি তুহিন মন্ডলের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘুটিয়ারী শরীফ রেলগেট সংলগ্ন নির্জন এলাকায় তল্লাশি অভিযান চালায়। সেই সময় ওই দুই দুষ্কৃতিকে ধরে ফেলে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় মোবাইল ফোন,সোনার আংটি সহ নগদ টাকা ও স্কুটি। ধৃতদের বৃহষ্পতিবার পুলিশের তরফে আদালতে তোলা হয়।






