রাজ্যের খবর

ভোটার সচেতনতায় জোর, বালুরঘাটে শুরু ইভিএম ডেমোনস্ট্রেশন সেন্টারের

উপস্থিত ছিলেন বালুরঘাট সদর মহকুমা শাসক সুব্রত কুমার বর্মন সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।

বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: আসন্ন নির্বাচনের আগে সাধারণ ভোটারদের আরও সচেতন করতে বিশেষ উদ্যোগ নিল জেলা প্রশাসন। রবিবার দুপুরে বালুরঘাট প্রশাসনিক চত্বরে ইভিএম ডেমোনস্ট্রেশন সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলাশাসক বালা সুব্রামানিয়ান টি। উপস্থিত ছিলেন বালুরঘাট সদর মহকুমা শাসক সুব্রত কুমার বর্মন সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।

নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে ইভিএম ও ভিভিপ্যাটের মাধ্যমে ভোটদানের প্রক্রিয়া সাধারণ মানুষের কাছে সহজভাবে তুলে ধরতেই এই উদ্যোগ। জেলাশাসক জানান, ভোটার সচেতনতা বাড়াতে মোট তিনটি ভ্রাম্যমাণ গাড়ি জেলার ছয়টি বিধানসভা কেন্দ্র ঘুরে দেখাবে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগ পর্যন্ত এই গাড়িগুলি বিভিন্ন এলাকায় গিয়ে হাতে-কলমে ইভিএমে ভোট দেওয়ার পদ্ধতি প্রদর্শন করবে।

তিনি আরও বলেন, বালুরঘাট জেলা প্রশাসনিক দপ্তরে একটি স্থায়ী ইভিএম ডেমোনস্ট্রেশন সেন্টারের পাশাপাশি গঙ্গারামপুরে এসডিও অফিসেও একই ধরনের একটি কেন্দ্র চালু রয়েছে। এছাড়াও প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য একটি করে মোবাইল ডিসপ্লে ভ্যান ইতিমধ্যেই প্রচার শুরু করেছে। নির্বাচন প্রক্রিয়া ঘোষণার পর থেকে তা চলবে নির্বাচন ঘোষণা পর্যন্ত।এই উদ্যোগের মূল লক্ষ্য, ভোটের দিন যেন কোনো ভোটার বিভ্রান্ত না হন এবং স্বচ্ছ ও নির্ভুলভাবে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

Related Articles