শিলিগুড়িতে মাদকবিরোধী অভিযান, উদ্ধার লক্ষাধিক টাকার ব্রাউন সুগার
ধৃতদের নাম ইয়াকত আলি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের বাসিন্দা এবং সুমন্ত রায় ফাঁসিদেওয়া ব্লকের কান্তিভিটা এলাকার বাসিন্দা।
Truth Of Bengal: ফের একবার মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের মধুজোত এলাকায় অভিযান চালায় ফাঁসিদেওয়া থানার পুলিশ। সেখানে দুটি মোটরবাইকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় দু’জনকে। পুলিশ তাদের থামিয়ে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ ব্রাউন সুগার।
ঘটনাস্থল থেকেই দু’জনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। ধৃতদের নাম ইয়াকত আলি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের বাসিন্দা এবং সুমন্ত রায় ফাঁসিদেওয়া ব্লকের কান্তিভিটা এলাকার বাসিন্দা। পুলিশের দাবি, ধৃতদের মোটরবাইকের বিশেষভাবে তৈরি চেম্বার থেকে উদ্ধার হয়েছে ৩০০ গ্রাম ব্রাউন সুগার, যার আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা।তবে উদ্ধার হওয়া মাদক কোথা থেকে এসেছে এবং কোথায় সরবরাহের পরিকল্পনা ছিল, তা এখনও স্পষ্ট নয়।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, গ্রামীণ এলাকায় মাদকটি বিক্রির উদ্দেশ্যেই নিয়ে আসা হয়েছিল।এই ঘটনায় জড়িত আরও কেউ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বুধবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।ফাঁসিদেওয়া থানার এক আধিকারিক জানিয়েছেন, দার্জিলিং জেলাকে ‘মাদকমুক্ত’ করতে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। মাদক পাচারে যুক্ত কেউই রেহাই পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন।






