ভাঙড়ের অশান্তি মোকাবিলায় তৎপর কমিশন, গ্রেফতার দুই
Active commission to deal with Bhangar , arrest two

The Truth of Bengal: ভাঙড়ের অশান্তি মোকাবিলায় তৎপরতা নির্বাচন কমিশনের। বৃহস্পতিবারের বোমাবাজির ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বোমাবাজির ঘটনায় জেলা নির্বাচনী আধিকারিক দফতরের প্রাথমিক রিপোর্ট এসে পৌঁছেছে নির্বাচন কমিশনে। রিপোর্টে উল্লেখ আছে ঘটনাস্থলে রয়েছে কিউ আর টি টিম। মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরে অ্যাকশন টেকেন রিপোর্ট দিলেন ডিইও। বোমাবাজির ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে বলে রিপোর্টে উল্লেখ।
বৃহস্পতিবার ভোটের আগে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। তৃণমূল পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ ওঠে। বোমাবাজিতে জখম হয়েছেন অন্তত ১০ জন। এলাকার পরিবেশ অশান্ত করতে আইএসএফ বোমাবাজি করেছে বলে দাবি শাসক দলের। যদিও অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ। এই ঘটনায় উত্তপ্ত হয়ে আছে ভাঙড়ের উত্তর কাশীপুর থানার বানিয়ারা এলাকা।
জানা গিয়েছে, দলীয় কর্মসূচি শেষ করে বাড়ি ফিরছিলেন এলাকার তৃণমূল নেতা রফিক খান। সঙ্গে ছিল দলের বেশ কিছু কর্মী। অভিযোগ, সেই সময় তাঁদের লক্ষ্য করে মুহূর্মূহু বোমাবাজি করা হয়। বোমার আঘাতে পঞ্চায়েত সদস্য-সহ অন্তত ১০ জন জখম হন। আহতদের মধ্যে একটি শিশুও আছে। রক্তাক্ত অবস্থায় সবাইকে উদ্ধার করে জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।
গত কয়েকদিন ধরে ভাঙড়ের নানা এলাকায় অশান্তির ঘটনা ঘটছে। সমাজবিরোধীরা বোমা বাঁধছে বলে অভিযোগ উঠছে। ভোটে সন্ত্রাস ছড়ানোর জন্য এই পরিকল্পনা বলে দাবি করছে এলাকার মানুষ। শাসক দল আইএসএফ-এর দিকে অভিযোগের আঙুল তুলছে। আবার পাল্টা আইএসএফ তৃণমূলকে নিশানা করে দাবি করছে, জমি দখলের লক্ষ্যে এলাকায় অশান্তি ছড়াচ্ছে তৃণমূল। বোমাবাজির ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বোমাবাজির ঘটনায় জেলা নির্বাচনী আধিকারিক দফতরের প্রাথমিক রিপোর্ট এসে পৌঁছেছে নির্বাচন কমিশনে। মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরে অ্যাকশন টেকেন রিপোর্ট দিলেন ডিইও।






