রাজ্যের খবর

প্রবীণ নাগরিকদের সহায়তা করতে উদ্যোগ, বিশেষ শিবির তৈরি বিজেপির

শিবির থেকে ট্রাই–সাইকেল, ক্র্যাচ, শ্রবণযন্ত্র, কোমরের বেল্টসহ বিভিন্ন সহায়ক সামগ্রী প্রদান করা হয়।

সত্যেন মহন্ত, রায়গঞ্জ: উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ও হেমতাবাদ বিধানসভার প্রবীণ নাগরিক এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের হাতে বিভিন্ন সহায়ক যন্ত্র তুলে দিল ভারত সরকারের সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক। মঙ্গলবার দুপুরে রায়গঞ্জ সাংসদ কার্যালয় প্রাঙ্গণে এই সহায়ক যন্ত্র বিতরণ শিবিরের উদ্বোধন করেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিমাই কবিরাজ, কৌশিক চৌধুরী, প্রবীর ঘোষ, শঙ্কর শর্মা, মানষ কুমার ঘোষসহ আরও অনেকে। শিবির থেকে ট্রাই–সাইকেল, ক্র্যাচ, শ্রবণযন্ত্র, কোমরের বেল্টসহ বিভিন্ন সহায়ক সামগ্রী প্রদান করা হয়।

সাংসদ কার্তিক চন্দ্র পাল জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে সারাদেশে ৭৫টি সামাজিক অধিকার শিবির অনুষ্ঠিত হচ্ছে। ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’—এই লক্ষ্যকে সামনে রেখে প্রবীণ ও বিশেষভাবে সক্ষম নাগরিকদের বিনামূল্যে সহায়ক যন্ত্র দিয়ে সহায়তা করছে কেন্দ্র। তারই অংশ হিসেবে রায়গঞ্জ ও হেমতাবাদ বিধানসভায় আজকের এই শিবিরের আয়োজন।সাংসদের কথায়, মানুষের হাতে এই সহায়ক যন্ত্র তুলে দিতে পেরে তিনি গর্বিত। যন্ত্রগুলি পেয়ে উপকৃতরা ভীষণ খুশি এবং কেন্দ্র সরকারকে ধন্যবাদ জানান। শিবিরটি ঘিরে প্রবীণ নাগরিকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও আনন্দ।

Related Articles