রাজ্যের খবর

জীবিকার টানের পটচিত্রের নতুন রূপ ! উপহার সামগ্রীতে প্রান পাচ্ছে চন্ডীপুরের লোকশিল্প

A new form of livelihood painting! Chandipur's folk art is coming to life in gift items

Truth Of Bengal: পূর্ব মেদিনীপুরের চন্ডীপুর ব্লকে এক অভিনব উদ্যোগে নতুন প্রাণ পাচ্ছে বাংলার ঐতিহ্যবাহী পটচিত্র শিল্প। তীব্র গরমের মাঝে শিল্পের ছোঁয়া এনে জলের পাত্র থেকে শুরু করে জামাকাপড়, অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিল, মাটির লক্ষ্মীর ভার কিংবা বেতের কুলো—সবখানেই ফুটে উঠছে চিত্রকরদের অনবদ্য পটশিল্প।

চন্ডীপুর ব্লকের হবিচক নানকারচক এলাকার চিত্রকর আবেদ ও সায়রা তাঁদের নিপুণ তুলির টানে তৈরি করছেন নজরকাড়া শিল্পকর্ম। অতীতে পাড়ায় পাড়ায় ঘুরে গান গেয়ে ও পট দেখিয়ে জীবিকা নির্বাহ করতেন এই চিত্রকররা। তবে সময়ের সঙ্গে বদলেছে পরিস্থিতি। এখন আর আগের মতো সেই উপায়ে রোজগার হয় না। ফলে বাধ্য হয়েই তাঁরা পটচিত্রকে নতুন আঙ্গিকে তুলে ধরছেন দৈনন্দিন ব্যবহারের উপহার সামগ্রী ও ঘর সাজানোর জিনিসপত্রে।

চিত্রকরদের বক্তব্য, এই পরিবর্তিত ধারায় যেমন তাঁরা অর্থ উপার্জনের সুযোগ পাচ্ছেন, তেমনি প্রাচীন পটশিল্পও টিকে থাকছে। আবেদ চিত্রকর বলেন, “পাড়ায় পাড়ায় ঘুরে গান গেয়ে পট দেখানোর দিন শেষ। এখন পটশিল্প সেজে উঠছে উপহার সামগ্রী ও নানান দৈনন্দিন জিনিসপত্রে। এর মাধ্যমে আমরা যেমন জীবিকানির্বাহ করতে পারছি, তেমনি আমাদের পূর্বপুরুষদের শিল্পকেও বাঁচিয়ে রাখতে পারছি।”

এলাকার চিত্রকররা সারা বছর ধরেই এমন শিল্পসামগ্রী তৈরি করেন। সরকার আয়োজিত হস্তশিল্প মেলা বা নানান প্রদর্শনীতে সেগুলি বিক্রি করে তাঁরা খুঁজে পেয়েছেন জীবনের নতুন দিশা।

এক কথায় বলা যায়, নতুন পথের সন্ধানেই বাঁচার রসদ খুঁজে নিয়েছেন পূর্ব মেদিনীপুরের পটচিত্র শিল্পীরা। তাঁদের অনবদ্য সৃজনশীলতা ও অধ্যবসায়ের জোরেই বাংলা লোকশিল্পের এই ঐতিহ্য আজও প্রাণবন্ত হয়ে আছে, এবং আগামীতেও তার ধারাবাহিকতা বজায় রাখার আশা করছেন তাঁরা।

 

Related Articles