ভয়াবহ পথ দুর্ঘটনা দক্ষিণ ২৪ পরগনায়! ৯ যাত্রী আহত, ঘটনাস্থলেই মৃত ১
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঢোলা থেকে জুমাইল লস্করের দিকে আসছিল লরিটি।
Truth Of Bengal: লোকেশ হালদার, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনা জেলার ঢোলাহাট থানার অধীনে ভয়াবহ পথ দুর্ঘটনায় একজনের মৃত্যু ও ৯ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার সকালে জুমাইল লস্কর থেকে লক্ষীকান্তপুরের দিকে যাত্রীবাহী বাসের সঙ্গে উল্টো দিক থেকে আসা একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঢোলা থেকে জুমাইল লস্করের দিকে আসছিল লরিটি। অতিরিক্ত গতিবেগের জেরে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি প্রথমে বাসের গায়ে সজোরে ধাক্কা মারে এবং পরে রাস্তার পাশে বাঁশের ঝাড়ে গিয়ে ধাক্কা লাগে। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত হন বাসের ৯ জন যাত্রী। l তাদেরকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ঢোলাহাট থানার পুলিশ।
থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৌশিক নাগ নিজে উপস্থিত থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করার ব্যবস্থা করেন। পরে তিনি নিজেই হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন।দুর্ঘটনার পর লরির চালক পালিয়ে গেলেও লরিটি আটক করেছে পুলিশ। পলাতক চালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান।ঘটনার সঠিক কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ঢোলাহাট থানার পুলিশ।






