Truth of Bengal: ভারত-ইংল্যান্ড চলতি টেস্ট সিরিজে লর্ডস টেস্টের পর একের পর এক চোট ভারতীয় দলের চিন্তা বাড়িয়েছে। জল্পনার অবসান ঘটিয়ে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) জানিয়ে দিয়েছে, বাঁ হাঁটুতে চোট পেয়ে পুরো সিরিজ থেকে ছিটকে গিয়েছেন অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি। দেশে ফিরছেন তিনি। অন্যদিকে, বাম হাতের আঙুলে চোট পাওয়ায় চতুর্থ টেস্টে খেলতে পারবেন না পেসার অর্শদীপ সিংহ। নেটে বল ধরার সময় তাঁর আঙুল কেটে যায়। তবে সিরিজ থেকে এখনও ছিটকে যাননি তিনি। পঞ্চম টেস্টে তাঁর খেলার সম্ভাবনা রয়েছে (India Injuries)।
আরও পড়ুন: Air India: রানওয়ে থেকে ছিটকে গেল এয়ার ইন্ডিয়ার বিমান, নেপথ্যে কোন কারণ?
নীতীশের জায়গায় দলে ডাকা হয়েছে অংশুল কম্বোজকে। তিনি দলের সঙ্গে ম্যাঞ্চেস্টারে যোগও দিয়েছেন। তবে চতুর্থ টেস্টে তাঁর খেলা নিশ্চিত নয় বলে জানিয়েছে বোর্ড।চোটের তালিকায় রয়েছেন আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার। লর্ডসে চোট পেয়েছিলেন ঋষভ পন্থ ও আকাশদীপ। যদিও পন্থ একটি ভিডিয়ো বার্তায় জানিয়েছেন, তিনি পুরোপুরি সুস্থ এবং খেলতে প্রস্তুত। কিন্তু আকাশদীপকে নিয়ে দুশ্চিন্তা কাটছে না। তাঁর পুরনো পিঠের ব্যথা আবার মাথাচাড়া দিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, লর্ডসে শেষ স্পেল বল করার সময় থেকেই তিনি অস্বস্তিতে ভুগছিলেন। মাঠে ফিজিয়োকে ডেকে নিতে হয়। অনুশীলনেও বল করতে দেখা যায়নি তাঁকে (India Injuries)।
আকাশদীপের এই চোট নতুন নয়। এর আগেও অস্ট্রেলিয়া সফরে একই সমস্যার জন্য তাঁকে দল ছাড়তে হয়েছিল। সেই একই সমস্যার পুনরাবৃত্তি হওয়ায় তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ভারত একসঙ্গে বুমরাহ ও আকাশদীপকে খেলাতে পারবে না। বোর্ড সূত্র জানিয়েছে, আগে থেকেই সিদ্ধান্ত ছিল যে বুমরাহ কেবল তিনটি টেস্ট খেলবেন। আকাশদীপও চোটে জর্জরিত। তাই দুই জনকে একসঙ্গে পাওয়া যাবে না। যদি বুমরাহ ম্যাঞ্চেস্টারে খেলেন, তাহলে ওভালে তাঁকে বিশ্রাম দিয়ে সেখানে আকাশদীপকে খেলানো হতে পারে যদি তিনি ফিট থাকেন (India Injuries)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
এই পরিস্থিতিতে আবারও দলে ফিরতে পারেন প্রসিদ্ধ কৃষ্ণ। প্রথম দুই টেস্টে হতাশাজনক পারফরম্যান্সের কারণে তাঁকে বাদ দেওয়া হয়েছিল। তবে চোটের কারণে অর্শদীপ ও আকাশদীপ দুই জনই অনুপস্থিত থাকায়, তিন পেসার খেলাতে হলে প্রসিদ্ধই হতে পারেন একমাত্র বিকল্প।সব মিলিয়ে বোলিং আক্রমণে বড়সড় পরিবর্তনের মুখে ভারত। কোচ গৌতম গম্ভীরকে বাধ্য হয়েই রদবদল করতে হচ্ছে। সিরিজের গুরুত্বপূর্ণ মুহূর্তে একের পর এক চোট দলের ভারসাম্যে প্রভাব ফেলছে। ফলে চতুর্থ টেস্টে চাপ আরও বাড়ছে ভারতীয় শিবিরের উপর (India Injuries)।






