শীর্ষে অস্ট্রেলিয়া, ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বাংলাদেশ! লর্ডস টেস্টের পরই ওলটপালট WTC পয়েন্ট টেবিল
দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে গতবারের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।
Truth of Bengal: ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টে ১১৫ রানে পরাজিত হয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় নিচে নেমে গেল নিউজিল্যান্ড। কিউয়িদের এই হারের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। চার ম্যাচে দু’টিতে জিতে ৫৮.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড এখন চার নম্বরে। সমান পয়েন্ট ও শতাংশ নিয়ে তাদের ঠিক পেছনেই পাঁচ নম্বরে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে, আটটি টেস্টের মধ্যে সাতটি জিতে তালিকার মগডালে রয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে গতবারের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।
এই তালিকায় ভারতীয় ক্রিকেট দলের পারফরম্যান্স খুব একটা আশাপ্রদ নয়। শুভমন গিলরা এখনও পর্যন্ত সর্বাধিক নয়টি টেস্ট খেলে চারটিতে জয় ও চারটিতে হেরে ৪৮.১৫ শতাংশ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে অবস্থান করছেন। বর্তমান সমীকরণ অনুযায়ী, শুভমনদের টানা দ্বিতীয়বার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা যথেষ্ট কঠিন। এর জন্য ভারতকে আগামী প্রতিটি সিরিজে জয়ের ধারা বজায় রাখতে হবে।
এদিকে ইংল্যান্ড নিউজিল্যান্ডকে হারালেও ছ’টি ম্যাচ হারার কারণে তারা ৩৭.৮৮ শতাংশ পয়েন্ট নিয়ে সাত নম্বরেই আটকে রয়েছে। বাবর আজমদের পাকিস্তান চার টেস্টের মধ্যে তিনটিতেই হেরে আট দশমিক তিন-তিন শতাংশ পয়েন্ট নিয়ে তালিকার আট নম্বরে ধুঁকছে। আর আটটি ম্যাচের মধ্যে একটিতেও জয় না পেয়ে মাত্র চার দশমিক এক-সাত শতাংশ পয়েন্ট নিয়ে তালিকার একেবারে শেষ বা নয় নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।



