World Test Championship: ২০৩১ সাল অবধি ইংল্যান্ডেই বসবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসর
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা সূত্রে খবর, ২০৩১ সাল অবধি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসর বসতে চলছে ইংল্যান্ডেই
Truth of Bengal: প্রতি বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় ইংল্যান্ডে (World Test Championship)। যা নিয়ে আপত্তি তুলেছিলেন ভারতের প্রাক্তন টেস্ট অধিনায়ক রোহিত শর্মা থেকে শুরু করে অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স পর্যন্ত। কিন্তু তাঁদের সেই আপত্তিকে পাত্তাই দিল না ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা সূত্রে খবর, ২০৩১ সাল অবধি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসর বসতে চলছে ইংল্যান্ডেই। আগামী জুলাই মাসে আইসিসি-র বার্ষিক সম্মেলনে এই বিষয়ে ইংল্যান্ডের নামের পাশেই শীলমোহর দেওয়া কার্যত নিশ্চিত করে ফেলেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
[আরও পড়ুনঃ Maharashtra Murder: হাতুড়ির আঘাতে নৃশংস হত্যা, অভিযুক্ত প্রেমিক গ্রেফতার]
বিশেষ সূত্রে জানা গিয়েছে, এদিকে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার কর্তাদের কাছে আগামী ৩ বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ আয়োজনের ক্ষেত্রে তাঁদের আগ্রহের কথা জানিয়ে রেখেছেন ইসিবি কর্তারা। কিন্তু তাঁদের সঙ্গে একইভাবে এই টুর্নামেন্ট আয়োজনের দাবি জানাবে ভারতীয় ক্রিকেট বোর্ডও। তবে এক্ষেত্রে বিসিসিআই-র থেকে ইসিবি-র পাল্লা অনেকটাই ভারি বলেই মনে করা হচ্ছে।
ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় জুন মাসে । সেই সময় ভারতের বিভিন্ন জায়গায় বর্ষা শুরু হয়ে যায়। ফলে ভারতে যদি এই হেভিওয়েট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়, তাহলে তা সফলভাবে সম্পূর্ণ করার ক্ষেত্রে একটা চিন্তা থেকেই যাবে বোর্ড কর্তাদের কাছে। অপর দিকে যেহেতু ইংল্যান্ডে এই সময় পরিবেশ একদম ঠিক থাকে, তাই ম্যাচ সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে কোনও সমস্যা থাকে না। সে কারণে ভারতের থেকে কিছুটা হলেও এগিয়ে রয়েছে ইংল্যান্ড (World Test Championship)।
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
এদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসর প্রতিবার ইংল্যান্ডে অনুষ্ঠিত হওয়া নিয়ে আগেই মুখ খুলেছিলেন রোহিত-কামিন্সরা। বর্তমান অজি অধিনায়ক এই প্রসঙ্গে গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জয়ের পর জানিয়েছিলেন, ‘আইসিসি-র উচিত এবার যারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব জয় করবেন, তাঁদের দেশেই পরবর্তী ফাইনাল ম্যাচ আয়োজন করা। সব সময় যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ইংল্যান্ডেই অনুষ্ঠিত হবে তার কোনও কারণ নেই।’
ভারতের প্রাক্তন টেস্ট অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছিলেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনাল ম্যাচ প্রতিবছরই কেন আইপিএল শেষ হওয়ার পর অনুষ্ঠিত হবে। এই খেলাটিকে যে কোনও সময়ই করা যেতে পারে। এবং ইংল্যান্ডে কেন অন্য যে কোনও দেশেই অনুষ্ঠিত হতে পারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসর। এঁদের পাশাপাশি এই টুর্নামেন্ট নিয়মের পরিবর্তন করার ক্ষেত্রে সওয়াল করেছিলেন বিরাট কোহলি। বিরাট দাবি জানিয়েছিলেন, ‘ এই টুর্নামেন্টে একটি ম্যাচ নয়, অন্তত তিনটি ম্যাচ করা হোক।’ তাঁর এই দাবিকে সমর্থন করেছিলেন স্টিভ স্মিথ। কিন্তু আইসিসি এই বিষয়ে কোনও সিদ্ধান্তই নেয়নি এখন অবধি। পাশাপাশি রোহিত-কামিন্সদের সিদ্ধান্তকেও সেইভাবে গুরুত্ব দিল না তাঁরা। এখন দেখা যাক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার বার্ষিক সভায় আইসিসি-র কর্তারা কি সিদ্ধান্ত গ্রহণ করেন সেদিকেই নজর থাকবে সকলের।






