খেলা

৪৫ বছর বয়সে অস্ট্রেলিয়া ওপেনে নামতে চলেছেন ভেনাস উইলিয়ামস

অস্ট্রেলিয়ান ওপেনে সিঙ্গলসে কখনও শিরোপা জিততে না পারলেও ভেনাস দু’বার ফাইনালে পৌঁছেছেন—২০০৩ ও ২০১৭ সালে।

Truth Of Bengal: বয়স যে শুধুই একটি সংখ্যা—তা আরও একবার প্রমাণ করতে চলেছেন ভেনাস উইলিয়ামস। সাতবারের গ্র্যান্ড স্ল্যামজয়ী মার্কিন কিংবদন্তি ২০২৬ অস্ট্রেলিয়ান ওপেনে ফিরছেন ওয়াইল্ডকার্ড নিয়ে। আগামী ১৮ জানুয়ারি থেকে মেলবোর্নে শুরু হতে চলেছে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম। পাঁচ বছর পর আবার অস্ট্রেলিয়ান ওপেনের মূল ড্র-তে দেখা যাবে ভেনাসকে।৪৫ বছর বয়সে অস্ট্রেলিয়ান ওপেনের মহিলা সিঙ্গলসের মূলপর্বে নামা সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হতে চলেছেন ভেনাস উইলিয়ামস। এই নজিরে তিনি পিছনে ফেললেন জাপানের কিমিকো ডেটকে, যিনি ২০১৫ সালে ৪৪ বছর বয়সে রড লেভার এরিনায় খেলেছিলেন। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন মার্টিনা নাভ্রাতিলোভা—১৯৯৯ সালে ৪২ বছর বয়সে অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিয়েছিলেন তিনি।

ভেনাসের এই প্রত্যাবর্তন শুধু বয়সের দিক থেকে নয়, সময়ের নিরিখেও ঐতিহাসিক। ১৯৯৮ সালে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনে খেলেছিলেন তিনি। সেই হিসেবে ২৮ বছর পর আবার মেলবোর্ন পার্কের বড় মঞ্চে ফিরছেন মার্কিন তারকা। ২০২১ সালের পর আর নিয়মিত টেনিস ট্যুরে দেখা যায়নি তাঁকে।অস্ট্রেলিয়ান ওপেনে সিঙ্গলসে কখনও শিরোপা জিততে না পারলেও ভেনাস দু’বার ফাইনালে পৌঁছেছেন—২০০৩ ও ২০১৭ সালে। দু’বারই তাঁর সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন বোন সেরেনা উইলিয়ামস। অস্ট্রেলিয়ান ওপেনে ভেনাসের সিঙ্গলস রেকর্ড ৫৪ জয় ও ২১ হার। তবে ডাবলসে তাঁর সাফল্য উল্লেখযোগ্য—মহিলা ডাবলসে চারবার (২০০১, ২০০৩, ২০০৯ ও ২০২০) শিরোপা জিতেছেন তিনি। ১৯৯৮ সালে মিক্সড ডাবলসেও খেতাব এসেছিল তাঁর ঝুলিতে।

অস্ট্রেলিয়ান ওপেনের আগে অকল্যান্ড টুর্নামেন্টেও ওয়াইল্ডকার্ড পেয়েছেন ভেনাস। হোবার্ট টুর্নামেন্টেও নাম লেখানোর পরিকল্পনা রয়েছে তাঁর। অর্থাৎ, নতুন মরশুমে ধাপে ধাপে নিজেকে প্রস্তুত করেই বড় মঞ্চে ফিরছেন তিনি।মেলবোর্নে ফেরার খবর নিয়ে উচ্ছ্বসিত ভেনাস বলেছেন,অস্ট্রেলিয়ার গ্রীষ্মে আবার প্রতিযোগিতামূলক টেনিস খেলতে নামতে পারাটা দারুণ অনুভূতির। মেলবোর্নের সঙ্গে আমার অসংখ্য স্মৃতি জড়িয়ে রয়েছে। কেরিয়ারের এত বড় অংশ জুড়ে থাকা জায়গায় আবার ফিরতে পেরে আমি কৃতজ্ঞ। এই প্রত্যাবর্তন এসেছে তাঁর ব্যক্তিগত জীবনের এক বড় পরিবর্তনের ঠিক পরেই। সম্প্রতি অভিনেতা ও মডেল আন্দ্রেয়া প্রেটির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন ভেনাস।সব মিলিয়ে, সময়ের সঙ্গে লড়াই করে আবার কোর্টে ফেরা এক কিংবদন্তির গল্প লিখতে চলেছে ২০২৬ অস্ট্রেলিয়ান ওপেন। বয়স নয়, প্রস্তুতি ও মানসিক দৃঢ়তাই যে শেষ কথা—মেলবোর্নে সেটাই প্রমাণ করতে মুখিয়ে রয়েছেন ভেনাস উইলিয়ামস।