রাজ্যের খবর

সীমান্তে বিএসএফ-এর বড়সড় সাফল্য: কোটি টাকার সোনা-সহ ধৃত পাচারকারী

ধৃতের কাছ থেকে প্রায় ১ কোটি টাকা বাজারমূল্যের ছয়টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে, যার মোট ওজন প্রায় ৭০০ গ্রাম।

Truth Of Bengal: নদীয়ার ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষা বাহিনীর (বিএসএফ) তৎপরতায় ব্যর্থ হলো সোনা পাচারের এক বড়সড় প্রচেষ্টা। শুক্রবার গেদে সীমান্ত চৌকি এলাকায় অভিযান চালিয়ে এক ভারতীয় পাচারকারীকে গ্রেপ্তার করেছে বিএসএফ-এর ৩২ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। ধৃতের কাছ থেকে প্রায় ১ কোটি টাকা বাজারমূল্যের ছয়টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে, যার মোট ওজন প্রায় ৭০০ গ্রাম।

বিএসএফ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়েই জওয়ানরা আন্তর্জাতিক সীমান্ত বেড়ার কাছে উত্তরপাড়া গেদে গ্রামে ওত পেতে ছিলেন। সকালে এক সন্দেহভাজন ব্যক্তিকে সেখানে ঘোরাঘুরি করতে দেখে জওয়ানরা তাকে দাঁড়াতে বলেন। পালানোর চেষ্টা করলে তাড়া করে জওয়ানরা তাকে ধরে ফেলেন। এরপর তার দেহে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বহুমূল্য ওই সোনার বিস্কুটগুলি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানিয়েছে, জনৈক এক বাংলাদেশি পাচারকারী তাকে এই সোনাগুলি দিয়েছিল। সীমান্ত পেরিয়ে ভারতে এক পাচারকারীর কাছে এই সোনা পৌঁছে দেওয়ার কথা ছিল তার। বিএসএফ-এর পক্ষ থেকে ধৃত পাচারকারী এবং বাজেয়াপ্ত সোনা পরবর্তী আইনি পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট শুল্ক দপ্তরের হাতে হস্তান্তর করা হয়েছে। সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

Related Articles