খেলা

বুমরাহর স্পেলে হতভম্ব দক্ষিণ আফ্রিকা, ইডেনে টেস্টের দুরন্ত শুরু

যশস্বী জয়সওয়াল ১২ রানে বোল্ড হন জ্যানসেনের বলে।

Bangla Jago Desk: দক্ষিণ আফ্রিকা: ১৫৯/১০

ভারত: ৩৭/১

ছ’বছর পর ইডেন গার্ডেন্সে টেস্ট ফিরতেই উপচে পড়ল দর্শক সমাগম। শুক্রবার সকালে ম্যাচ শুরুর আগেই স্পষ্ট ছিল ইডেনে ক্রিকেট উৎসবের আবহ। টসে ভাগ্য ফিরল না শুভমান গিলের। তবে সঞ্চালক রবি শাস্ত্রীকে তিনি হেসে বললেন, হয়তো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভাগ্য ফিরবে। সেই আত্মবিশ্বাসই প্রতিফলিত হল মাঠে ভারতীয় বোলারদের পারফরম্যান্সে।টসে জিতে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা প্রথমে ব্যাট নেওয়াই প্রত্যাশিত ছিল। কিন্তু ভারতীয় বোলারদের দাপটে প্রোটিয়া ব্যাটারদের ইনিংস চূর্ণবিচূর্ণ হয়ে যায়। প্রথম দশ ওভারে ৫৭ রান তুললেও এরপরেই শুরু হয় ধস। বুমরাহর আগুনে বলের সামনে একে একে হার মানেন প্রোটিয়ারা। রায়ান রিকলটন (৩১) ও এডেন মার্করামকে (২৩) ফেরান ভারতীয় পেসার। কুলদীপ যাদব বাভুমাকে (৩) আউট করেন।

১০৫ রানে তিন উইকেট হারিয়ে লাঞ্চে যায় দক্ষিণ আফ্রিকা। বিরতির পর ফের ধস নেমে আসে। কুলদীপ ফেরান উইলেম মুল্ডারকে (২৪)। টনি ডি জর্জি (২৪) বুমরাহর বলে এলবিডব্লিউ হন। পুরনো বলে দারুণ ছন্দে ফিরে সিরাজ পরপর আউট করেন কাইল ভেরেইনি (১৬) ও মার্কো জানসেনকে (০)। অক্ষর তুলে নেন করবিন বসকে (৩)। শেষে বুমরাহর দুই দুরন্ত ইয়র্কারে হার্মার (৫) ও কেশব মহারাজ (০) আউট হতেই দক্ষিণ আফ্রিকার ইনিংস থামে ১৫৯ রানে। বুমরাহ নেন ৫ উইকেট, কুলদীপ ও সিরাজের ২টি করে, অক্ষরের ১। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় ভারত। যশস্বী জয়সওয়াল ১২ রানে বোল্ড হন জ্যানসেনের বলে। এরপর বিতর্কের কেন্দ্রে থাকা তিন নম্বর ব্যাটার ওয়াশিংটন সুন্দর দায়িত্ব নিয়ে ব্যাট করেন। ৩৮ বলে অপরাজিত ৬ রানে দিন শেষ করেন তিনি। সঙ্গে আছেন কেএল রাহুল, যিনি অপরাজিত ১৩ রানে।প্রথম দিনের শেষে ভারতের সংগ্রহ ১ উইকেটে ৩৭। বোলারদের দাপটে এগিয়ে থেকেই দ্বিতীয় দিনের দিকে তাকিয়ে টিম ইন্ডিয়া।

ভারতের প্রথম একাদশ

যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, ওয়াশিংটন সুন্দর, শুভমান গিল, ঋষভ পন্থ, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।

 

দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ

এডেন মার্করাম, রায়ান রিকেলটন, উইয়ান মুল্ডার, টেম্বা বাভুমা, টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস, কাইল ভেরেইনি, সাইমন হারমার, মার্কো জানসেন, কর্বিন বশ, কেশব মহারাজ।

Related Articles