খেলা

বৃষ্টির কারণে ভেস্তে গেল গাব্বায় প্রথম দিনের খেলা

First day's play at the Gabba abandoned due to rain

Truth Of Bengal: শেষ পর্যন্ত হাওয়া অফিসের পূর্বাভাস মিলেই গেল। গাব্বায় শনিবার তৃতীয় টেস্টের প্রথম দিনের খেলা বৃষ্টির কারণে বন্ধ হয়ে গেল। আগে থেকেই গাব্বায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতর। এমনকি আগামী চারদিন-ই গাব্বায় বৃষ্টির ভ্রূকুটি রয়েছে বলেও জানা গিয়েছে অস্ট্রেলিয়ার হাওয়া অফিস সূত্রে। যদি একান্ত সেইরকম ঘটে তাহলে হয়তো তৃতীয় টেস্টের পুরোটাই ভেস্তে যেতে পারে।

শনিবার গাব্বার টেস্টের প্রথম দিনে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। আবহাওয়া দেখেই অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন হিটম্যান। কারণ ছিল একটাই। যাতে ভারতীয় বোলাররা এইরকম আবহাওয়ার সুযোগ কাজে লাগাতে পারেন। কিন্তু মাত্র ১৩.২ ওভার খেলা হলেও ভারতীয় বোলাররা সেভাবে বিপদে ফেলতে পারলেন না অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের।

এই ম্যাচে ভারত তিন পেসার নিয়ে তাদের দল সাজিয়েছিল। বুমরা-সিরাজের সঙ্গে দলে সুযোগ মিলেছিল আকাশদীপের। প্রথম দুজন এই সময়ে কিছুটা ব্যাকফুটে থাকলে, নজর কেড়েছিলেন আকাশদীপ। তবে যেটুকু খেলা হয়েছে তাতে ভারতীয় বোলাররা সেভাবে দাগ কাটতে পারেননি অস্ট্রেলিয়ার বোলারদের সামনে। কামিন্স বাহিনীর দুই ওপেনার ওসমান খোয়াজা এবং ম্যাকসুইনি দুজনেই ধীর গতিতে দলের রানকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। খোয়াজা ১৯ রান এবং ম্যাকসুইনি ৪ রানে অপরাজিত থাকেন।

শনিবার সকাল থেকেই ঝির ঝিরে বৃষ্টি শুরু হয় ব্রিসবেনে। পড়ের দিকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে থাকে। এরপর আকাশের এইরকম আবহাওয়া দেখে মধ্যাহ্নভোজে যাওয়ার সময়ই দুই আম্পায়ার প্রথম দিনের ম্যাচ পরিত্যাক্ত ঘোষণা করেন।

এদিকে প্রথম দিনের ম্যাচ পরিত্যাক্ত ঘোষণা করে, আম্পায়ারদের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার দ্বিতীয় দিনের ম্যাচ শুরু হবে নির্ধারিত সময়ের আধঘণ্টা আগে। দ্বিতীয় দিন কমপক্ষে ৯৮ ওভার খেলা হবে। কিন্তু দ্বিতীয় দিনেও গাব্বায় বৃষ্টির সম্ভাবনা প্রবল। সে কারণেই ম্যাচ কতটা হবে তাই নিয়েই সন্দেহ রয়েছে।

এদিকে তৃতীয় টেস্টেও ভারতীয় দলে তিন পেসারের পাশাপাশি নেওয়া হয়েছে স্পিনার রবীন্দ্র জাদেজাকে। পরের দিকে গাব্বার পিচে ব্যাটাররা সুবিধা পাবেন। এইভেবেই রোহিত দলে রেখেছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। বাদ পড়েছেন অভিজ্ঞ অশ্বিন। বাকি দল একই রয়েছে। তবে এই টেস্টেও ভারতীয় দলের ব্যাটিং লাইনআপের যা পজিশন, তাতে ওপেনার হিসেবে যশস্বীর সঙ্গে রয়েছেন কেএল রাহুল। তিন নম্বরে শুভমন, চারে বিরাট, পাঁচে পন্থ এবং ছয়ে রোহিত।

প্রসঙ্গত, এই টেস্ট ম্যাচটা ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কেননা আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন্সশিপের ফাইনালে খেলার ছাড়পত্র আদায়ের জন্য এই সিরিজটা ভারতের জয় দরকার। এমনিতেই দক্ষিণ আফ্রিকা এক নম্বরে উঠে আসায় ভারতকে নেমে যেতে হয়েছে তিন নম্বরে। কাজেই সিরিজ জয় করে আবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য নিজেদের জায়গা পাকা করাই এখন মূল লক্ষ্য রোহিত ব্রিগেডের সামনে।

Related Articles