খেলা

ব্যাট নয়, মগজাস্ত্রে ঘা রোহিতের! আইপিএলে ‘হিটম্যান’-এর মরণচালে বোকা বনে গেল দিল্লি

মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচে তাঁর একটি ছোট্ট চালেই বড় ভুল করে বসে দিল্লি ক্যাপিটালস।

Truth of Bengal: চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এক অদ্ভুত কিন্তু বুদ্ধিদীপ্ত মুহূর্তের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। রোহিত শর্মা আবারও দেখালেন, ক্রিকেট শুধু ব্যাট-বলের খেলা নয়, মস্তিষ্কের খেলাও বটে। মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচে তাঁর একটি ছোট্ট চালেই বড় ভুল করে বসে দিল্লি ক্যাপিটালস।

ঘটনাটি ঘটে মুম্বইয়ের ইনিংসের নবম ওভারে, যখন কুলদীপ যাদব লেগ সাইডে একটি বল করেন। রোহিত সুইপ খেলতে গিয়ে মিস করেন, আর উইকেটের পিছনে দাঁড়িয়ে থাকা কেএল রাহুল বলটি গ্লাভসে নেন। কুলদীপ ও রাহুল দু’জনেই জোরালভাবে আউটের আবেদন জানান, তাঁদের ধারণা ছিল বল ব্যাটে লেগেছে। কিন্তু আম্পায়ার আউট দেননি। ঠিক সেই মুহূর্তেই চমক দেন রোহিত—তিনি নিজেই হাঁটতে শুরু করেন, যেন আউট হয়ে প্যাভিলিয়নে ফিরছেন।

রোহিতের এই আচরণে বিভ্রান্ত হয়ে পড়েন কুলদীপ ও রাহুল। তাঁরা দ্রুত ডিআরএস নেওয়ার সিদ্ধান্ত নেন, ভাবেন সত্যিই ব্যাটে লেগেছে। কিন্তু প্রযুক্তির সাহায্যে দেখা যায়, বল ব্যাটে নয়, প্যাডে লেগেছিল। ফলে দিল্লি ক্যাপিটালস তাদের একটি গুরুত্বপূর্ণ ডিআরএস নষ্ট করে ফেলে। মাঠে রোহিতের এই ‘মানসিক খেলা’ মুহূর্তের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।ম্যাচ শেষে রোহিত নিজেই জানান, তিনি ইচ্ছাকৃতভাবে এমনটা করেছিলেন। কুলদীপের ডিআরএস নেওয়ার প্রবণতা সম্পর্কে তাঁর ধারণা ছিল, তাই তিনি একটু ভাগ্য পরীক্ষা করেন। যদিও সেই মুহূর্তে পরিকল্পনা সফল হলেও বেশিক্ষণ টিকতে পারেননি তিনি— পরের ওভারেই আউট হয়ে যান। রোহিতের কথায়, তিনি ইনিংস বড় করতে চেয়েছিলেন, কিন্তু তা সম্ভব হয়নি।

শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল মুম্বইয়ের পক্ষে যায়নি। প্রথমে ব্যাট করে তারা তোলে ১৬২/৬, যা খুব বড় স্কোর ছিল না। জবাবে দিল্লি ক্যাপিটালস দুর্দান্ত ব্যাটিং করে ম্যাচ জিতে নেয়। বিশেষ করে সমীর রিজভি-র ঝড়ো ইনিংস ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়— তিনি মাত্র ৫১ বলে ৯০ রান করেন, যেখানে ছিল সাতটি চার ও সাতটি ছক্কা। তাঁর এই দাপুটে পারফরম্যান্সে ১৮.১ ওভারে ছয় উইকেটে জয় তুলে নেয় দিল্লি, আর রোহিতের বুদ্ধিদীপ্ত মুহূর্তটি থেকেও যায় ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনা হিসেবে।

 

Related Articles