জাতীয় দলের জার্সি গায়ে বিশ্বকাপের মঞ্চে নজির চম্বলের বৈষ্ণবীর
Nazeer Chambal's Vaishnaveer on the World Cup stage wearing the national team jersey
Truth Of Bengal : চম্বল মানেই একটা সময় মানুষের মনের স্মৃতিকোণায় উঁকি মারত কুখ্যাত সব ডাকাতদের নানা-কাহিনী। যা শুনে শিউরে উঠতেন সবাই। কিন্তু আজ আর সেই দিন নেই। চম্বল যেন এখন চলছে দেশের আর পাঁচটি জায়গার মত স্বাভাবিক নিয়মেই। জঙ্গল, নদী আর ছোট-ছোট পাহাড় ঘেরা এই চম্বল থেকেই বর্তমানে ভারতীয় অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দলে জায়গা পেয়েছেন এক তরুণী। নাম বৈষ্ণবী শর্মা। চম্বল থেকে জাতীয় দলের জার্সি গায়ে চড়ান প্রথম ক্রিকেটারও তিনি।
জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েই অনুর্ধ্ব-১৯ মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়োজক দেশ মালয়েশিয়ার বিপক্ষে বল হাতে জ্বলে উঠলেন চম্বল এক্সপ্রেস। হ্যাটট্রিক সহ- ঝুলিতে পুড়লেন পাঁচ-পাঁচটি উইকেট। দিয়েছেন মাত্র পাঁচটি রান। মূলত বৈষ্ণবী নামক চম্বল সাইক্লোনেই মাত্র ৩১ রানে গুটিয়ে গিয়েছিল মালয়েশিয়া। বৈষ্ণবীর এমন পারফরম্যান্স ভারতীয় ক্রিকেটে একটা ইতিহাসও।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলে সুযোগ না পেলেও, মালয়েশিয়া ম্যাচে দলে সুযোগ পেয়েছিলেন চম্বল থেকে ভারতীয় ক্রিকেটে উঠে আসা তরুণী ক্রিকেটারটি। দেশের জার্সি গায়ে চড়ানোর প্রথম সুযোগের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বৈষ্ণবী জানান, ‘যখন আমাকে বলা হয়েছিল যে, আমি মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে দলে সুযোগ পাচ্ছি, তখন দারুণ অনুভূতি হচ্ছিল। হোটেলের ঘরে ফিরে এসে আমি স্বপ্ন দেখছিলাম, আমি বোলিং করছি দেশের জার্সিতে। কি অনুভূতি! এবং সত্যি কথা বলতে দ্বিধা নেই আমার দেখা সেই স্বপ্নের মধ্যে অন্যতম ছিল হ্যাটট্রিক করার স্বপ্নও।’
বৈষ্ণবীর ক্রিকেটে হাতেখড়ি হয় মাত্র পাঁচ বছর বয়সে। সেই থেকে ক্রিকেটকে নিজের হৃদয়ে স্থান দিয়েছিলেন সেদিনের ছোট্ট বৈষ্ণবী। ক্রিকেটকে ঘিরেই বড় হয়ে ওঠার স্বপ্নের বীজ সেদিন থেকে বুনতে শুরু করেছিলেন তিনি।
এরপর ক্রিকেটকে আরও ভাল করে শেখার জন্য বৈষ্ণবী চলে আসেন গোয়ালিওরে। সেখানে থেকে ক্রিকেটে আরও পরিণত হয়ে ঘরোয়া ক্রিকেটে আত্মপ্রকাশ তাঁর। ২০২২-২৩ মরশুমে সেরা ক্রিকেটারের পুরস্কারও মিলেছিল বৈষ্ণবীর। জাতীয় দলে সুযোগ পেয়ে প্রথম দিন যেমন জ্বলে উঠলেন সেইরকম ধারাবাহিকতা আগামী দিনেও বজায় রাখতে চান চম্বল নামক জায়গা থেকে উঠে এই তরুণী।






