কলকাতা

জেন জি-র মন বুঝতে বঙ্গ বিজেপির নতুন উদ্যোগ, যুবদের সঙ্গে বৈঠকে নিতিন

দু’দিনের পশ্চিমবঙ্গ সফরের দ্বিতীয় দিনে সোমবার যুব নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন।

Truth of Bengal: দিল্লিতে যুব-নেতৃত্বাধীন আন্দোলনের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং দেশজুড়ে তরুণ ভোটারদের রাজনৈতিক সক্রিয়তা—এই প্রেক্ষাপটেই জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়াতে তৎপর বিজেপি। দু’দিনের পশ্চিমবঙ্গ সফরের দ্বিতীয় দিনে সোমবার যুব নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। দলের ঘোষিত সূচি অনুযায়ী, কলকাতার স্পেস সার্কেল ক্লাবে ‘যুব সংলাপ’ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা তাঁর।

রবিবার নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে রাজ্য বিজেপির পদাধিকারী, সাংসদ, বিধায়ক এবং বিভিন্ন মোর্চার নেতৃত্বের সঙ্গে একাধিক সাংগঠনিক বৈঠক করেন নিতিন। সেখানে সরকার ও দলের মধ্যে সমন্বয় বাড়ানো এবং সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তা দেন তিনি।

সদ্য বঙ্গ বিজেপির যুব মোর্চার সভাপতি হয়েছেন আমতার বিধায়ক অমিত সামন্ত। সোমবারের যুব সংলাপে তরুণ প্রজন্মের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময়ের পরিকল্পনা রয়েছে। বিজেপির সাম্প্রতিক কর্মসূচিতেও জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর বিষয়টি গুরুত্ব পাচ্ছে।