খেলা

East Bengal Women’s Team: এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে জয় দিয়েই অভিযান শুরু লাল-হলুদের

চিনের উহানে আয়োজিত ম্যাচে সারিথা-সৌম্যা-জ্যোতিরা ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করে ইরানের ক্লাব বাম-খাতুন এফসিকে।

Truth of Bengal: বিদেশি দলের বিপক্ষে ইস্টবেঙ্গলের জয়ের রেকর্ড বরাবরই ভারতের অন্য দলগুলির থেকে বরাবরই ভাল। সোমবারও তার ব্যতিক্রম হল না। তাও আবার বিদেশের মাটিতে, বিদেশি দলকে হারানো নিঃসন্দেহে গর্বের বিষয়। এমনই এক অসাধ্য সাধন করলেন লাল-হলুদের প্রমীলা বাহিনী। চিনের উহানে আয়োজিত ম্যাচে সারিথা-সৌম্যা-জ্যোতিরা ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করে ইরানের ক্লাব বাম-খাতুন এফসিকে।

এই ম্যাচে একে শক্তিশালী প্রতিপক্ষ, তার ওপর আবার প্রচণ্ড ঠান্ডা। সব প্রতিকূলতাকে ছাপিয়ে গিয়েই চিনের মাটিতে প্রথম ম্যাচে মশাল জ্বলালেন ইস্টবেঙ্গলের প্রমীলা ব্রিগেড। শক্তিশালী প্রতিপক্ষ হলেও ইস্টবেঙ্গল ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝাঁঝ বাড়াতে থাকে। যার ফলও মেলে খুব শীঘ্রই। ম্যাচের ৪ মিনিটে লাল-হলুদের প্রথম গোল করেন শিলকি। ১ গোলে এগিয়ে যেতেই নিজেদের আত্মবিশ্বাসের ওপর ভর করে প্রতিপক্ষের ওপর আরও আক্রমণের তেজ বাড়ায় অ্যান্থনি অ্যান্ড্রুজের দল।

ইস্টবেঙ্গলের এই চাপের মুখে পড়ে তখন বাম খাতুন এফসির ফুটবলারদের অবস্থা অনেকটা ঘর রাখি না কূল রাখি অবস্থা। মশাল ব্রিগেডের একের পর এক আক্রমণ তুলে আনলেও কিন্তু গোলের দেখা পাচ্ছিল না অ্যান্ড্রুজের দল। পর পর দুটি সহজ গোলের সুযোগ নষ্ট করেন সৌম্যা। তবে বিরতির আগেই নিজেদের দ্বিতীয় গোলটি তুলে নেয় লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাবটি। এবার গোল ফাজিলার। এদিকে লাল-হলুদের এই গোলের পর পরই মোনা হামৌদির করা গোলে ব্যবধান কমায় ইরানের ক্লাবটি।

এরপর বিরতি থেকে ফিরে এসেও প্রথমার্ধের মতোই নিজেদের আক্রমণের তেজ বহাল রাখে ইস্টবেঙ্গল। এই অর্ধেও বেশ কিছু সুযোগ তৈরি করেও তা থেকে কাজের কাজ করতে পারেননি লাল-হলুদ ফুটবলাররা। কেননা, কখনও পোস্ট আবার কখনও বিপক্ষ দলের খেলোয়াড়দের চেষ্টায় গোলের দেখা মিলছিল না। ইস্টবেঙ্গল তাদের তৃতীয় গোলের দেখা পায় নির্ধারিত সময়ের ম্যাচ শেষের মাত্র মিনিট তিনেক আগে। প্রতিপক্ষে বক্সের অনেকটা বাইরে থেকে উগান্ডার ফুটবলার রিস্টির নেওয়া দূরপাল্লার শট বাম খাতুন এফসির গোলরক্ষককে বোকা বানিয়ে জড়িয়ে যায় জালে। শেষ পর্যন্ত এই ব্যবধানেই মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল।

Related Articles