কলকাতা

ভেন্টিলেশনে চলছিল লড়াই, প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

গত ২৪ সেপ্টেম্বর হৃদযন্ত্রের তিনটি রক্তনালিতে ব্লকেজ ধরা পড়ায় তাঁর বাইপাস অস্ত্রোপচার হয়।

Truth of Bengal: প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। বয়স হয়েছিল ৭২ বছর। প্রায় তিন সপ্তাহ ধরে কলকাতার মুকুন্দপুরের ফর্টিস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত কয়েকদিন ধরে সম্পূর্ণ ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। মঙ্গলবার চিকিৎসকদের মেডিক্যাল রিপোর্টে তাঁর শারীরিক অবস্থার অত্যন্ত অবনতির কথা জানানো হয়েছিল। শেষ পর্যন্ত ভাইফোঁটার দিন রাতেই জীবনাবসান হল প্রাক্তন মন্ত্রীর।

গত ২৪ সেপ্টেম্বর হৃদযন্ত্রের তিনটি রক্তনালিতে ব্লকেজ ধরা পড়ায় তাঁর বাইপাস অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পর মস্তিষ্কে স্ট্রোক হওয়ায় শুরু হয় একের পর এক শারীরিক জটিলতা। পরবর্তী সময়ে নিউমোনিয়া ও মূত্রনালির সংক্রমণে আক্রান্ত হন তিনি। সংক্রমণ থেকে সেপটিক শক এবং একাধিক অঙ্গ বিকল হওয়ার পরিস্থিতি তৈরি হয়। কিডনির কার্যক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় চলছিল ডায়ালিসিস।

গত ১৮ অক্টোবর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মুকুন্দপুরের ফর্টিস হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসপ্রশ্বাসের সুবিধার জন্য গলায় ট্র্যাকিওস্টমি করা হয়েছিল। একাধিক বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত ক্রিটিক্যাল কেয়ার টিমের পর্যবেক্ষণে ছিলেন তিনি। কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন প্রাক্তন মন্ত্রী।

উজ্জ্বল বিশ্বাসের প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।