কাশ্মীরে জঙ্গি হামলায় গুলিবিদ্ধ বাংলার জওয়ান, বিষ্ণুপুরের বাড়িতে কান্নার রোল
২০১১ সালে সিআরপিএফে যোগ দিয়েছিলেন শান্তনু। বর্তমানে ৪৬ নম্বর ব্যাটেলিয়নে কর্মরত তিনি।
Truth of Bengal: ফের রক্তাক্ত কাশ্মীর! কুলগামের মিরবাজারের কাছে সিআরপিএফ ক্যাম্প লক্ষ্য করে জঙ্গিদের গুলিবর্ষণে আহত হলেন তিন জওয়ান। তাঁদের মধ্যে রয়েছেন বাঁকুড়ার বিষ্ণুপুরের শাঁখারিবাজারের বাসিন্দা শান্তনু চন্দ্র। তাঁর হাতে গুলি লেগেছে। এই খবর বাড়িতে পৌঁছতেই উদ্বেগ ও আতঙ্কে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।
২০১১ সালে সিআরপিএফে যোগ দিয়েছিলেন শান্তনু। বর্তমানে ৪৬ নম্বর ব্যাটেলিয়নে কর্মরত তিনি। গত সাড়ে তিন বছর ধরে কাশ্মীরে পোস্টিং রয়েছে তাঁর। কালীপুজোর সময় বাড়ি এসে লক্ষ্মীপুজোর পরের দিনই কাজে ফিরে যান। বুধবার হামলার পর স্ত্রী নন্দিনীকে ফোন করে আহত হওয়ার কথা জানান এবং চিন্তা করতে বারণ করেন। পরে এক সিনিয়র আধিকারিকের কাছ থেকে জানতে পারেন, স্বামীর হাতে গুলি লেগেছে।
শান্তনুর বাবা তারাপদ চন্দ্রও ছেলের খবর পেয়ে উদ্বেগে ভেঙে পড়েন। পরে ছেলের সঙ্গে কথা হলে শান্তনু তাঁকে আশ্বস্ত করে জানান, হাতে সামান্য আঘাত লেগেছে, তিনি ভালো আছেন। তবে কাশ্মীরে ছেলের কর্মস্থল হওয়ায় পরিবারের দুশ্চিন্তা যে সহজে কাটবে না, তা স্পষ্ট।
সিআরপিএফ সূত্রে খবর, বুধবার দুপুর দুটো নাগাদ মিরবাজারের কাছে নাকা চেকিং পয়েন্টে কর্তব্যরত জওয়ানদের লক্ষ্য করে মোটরবাইকে আসা দুই হামলাকারী গুলি চালায়। পাল্টা জবাব দেন নিরাপত্তারক্ষীরাও। এরপর বাইকে চেপে পালিয়ে যায় হামলাকারীরা। আহত তিন জওয়ানকে অনন্তনাগ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শান্তনু ছাড়াও আহত হয়েছেন অসমের রাকেশ দাস এবং মধ্যপ্রদেশের সোমবীর সিং।
ঘটনার পর কুলগাম-সহ উপত্যকার বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ, সেনা ও সিআরপিএফ। হামলার পিছনে লস্কর-ই-তইবার যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।


