দেশ

ফের বিহারের  মুখ্যমন্ত্রী হতে চলেছেন নীতীশ, সরকার গঠনের ফর্মুলা চূড়ান্ত

শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে এনডিএ-র শীর্ষ নেতারা একটি গোপন বৈঠকে বসেন।

Truth Of Bengal: বিহারে টানাপোড়েন নয়, বরং দ্রুতই সরকার গঠনের রূপরেখা চূড়ান্ত করে ফেলল এনডিএ জোট। সূত্রের খবর, ফের মুখ্যমন্ত্রী হচ্ছেন জেডিইউ নেতা নীতীশ কুমার। যদিও বিজেপির কয়েকজন রাজ্যনেতা মুখ্যমন্ত্রীর পদ নিজেদের দখলে চাইছিলেন, শেষ পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপে নীতীশকেই নেতা হিসেবে মানতে বাধ্য হয়েছেন তাঁরা।শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে এনডিএ-র শীর্ষ নেতারা একটি গোপন বৈঠকে বসেন।

সেখানেই সিদ্ধান্ত হয়— ভোটের আগে যেমন ঘোষণা করা হয়েছিল, তেমনই নীতীশ কুমারের নেতৃত্বেই চলবে বিহারের এনডিএ সরকার। ভোটে বিজেপি বড় শরিক হলেও নীতীশকে উপেক্ষা করলে রাজনৈতিক বার্তা খারাপ হতে পারে  এমনটাই মত কেন্দ্রীয় নেতৃত্বের।

সূত্র অনুযায়ী, মন্ত্রী বাছাইয়ে এনডিএ নির্ধারণ করেছে নতুন ফর্মুলা। প্রতি ৬ জন বিধায়কের জন্য  থাকবে একজন করে ক্যাবিনেট মন্ত্রী।এই হিসেবে  বিজেপি পেতে পারে প্রায় ১৫টি মন্ত্রক। জেডিইউ-র হাতে থাকবে ১৩–১৪টি মন্ত্রক। এলজেপি(আর) থেকে ৩ জন মন্ত্রী। হিন্দুস্তানি আওয়াম মোর্চা (হাম) এবং আরএলএম   দুই দলের জন্য থাকবে একটি করে মন্ত্রক। তবে উপমুখ্যমন্ত্রী কে হবেন, তা এখনও চূড়ান্ত নয়। সব ঠিক থাকলে ১৯ বা ২০ নভেম্বর ফের মুখ্যমন্ত্রীর পদে শপথ নিতে পারেন নীতীশ।

তার আগে সোমবার মন্ত্রিসভার বৈঠকে বিধানসভা ভেঙে দেওয়ার প্রস্তাব পাশ হবে এবং নীতীশ আনুষ্ঠানিকভাবে ইস্তফা দেবেন। তারপরই শুরু হবে নতুন সরকারের শপথগ্রহণের প্রস্তুতি।শপথ অনুষ্ঠান হবে পাটনার গান্ধি ময়দানে, যেখানে এনডিএ-শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী–উপমুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হবে। তবে চূড়ান্ত তারিখ নির্ভর করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সূচির ওপর।এনডিএ–র অভ্যন্তরীণ টানাপোড়েন আপাতত মিটে গেলেও, নতুন সরকার কতটা স্থিতিশীল থাকে— সেদিকে নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের।

Related Articles