খেলা

বিলবাওকে হারিয়ে সুপার কাপ ফাইনালে বার্সেলোনা

প্রথম গোলের জন্য ২২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হলেও, এরপর কার্যত ঝড় তুলে দেয় তারা।

Truth Of Bengal:  একচেটিয়া দাপট দেখিয়ে অ্যাথলেটিক বিলবাওকে উড়িয়ে দিয়ে স্প্যানিশ সুপার কাপর ফাইনালে পৌঁছে গেল বার্সেলোনা। সৌদি আরবের জেড্ডায় অনুষ্ঠিত সেমিফাইনালে বিলবাওকে ৫-০ গোলে হারাল হান্সি ফ্লিকের দল। জোড়া গোল করে ম্যাচের নায়ক রাফিনিয়া। রবিবার ফাইনালে বার্সার প্রতিপক্ষ কে হবে, তা নির্ধারিত হবে রিয়াল মাদ্রিদ বনাম অ্যাথলেটিকো মাদ্রিদ ম্যাচের পর। এই ম্যাচে বার্সেলোনার দলে ছিলেন না লামিনে ইয়ামাল। তবে তাঁর অনুপস্থিতি একেবারেই প্রভাব ফেলেনি কাতালান শিবিরে। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সা।

প্রথম গোলের জন্য ২২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হলেও, এরপর কার্যত ঝড় তুলে দেয় তারা। রুনি বার্দঘির বাড়ানো বল ধরে বক্সের ভিতর থেকে নিখুঁত শটে দলকে এগিয়ে দেন ফেরান তোরেস।এরপর মাত্র ১৬ মিনিটের ব্যবধানে আসে আরও তিনটি গোল। ৩০ মিনিটে ব্যবধান বাড়ান ফারমিন লোপেজ। ৩৪ মিনিটে লোপেজের বাড়ানো বল থেকে একক দক্ষতায় গোল করেন সুইডিশ ফুটবলার রুনি বার্দঘি। ৩৮ মিনিটে বাঁ-পায়ের দুরন্ত শটে নিজের প্রথম গোলটি করেন রাফিনিয়া। ফলে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ৪-০ গোলে এগিয়ে যায় বার্সেলোনা।বিরতির পরও আক্রমণের ধার কমায়নি বার্সা। ৫২ মিনিটে রাফিনিয়া নিজের দ্বিতীয় গোলটি করে দলের জয় কার্যত নিশ্চিত করেন।

৭২ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন লামিনে ইয়ামাল। তবে তখন ম্যাচের রং অনেক আগেই বদলে গিয়েছে।এই জয়ের ফলে চলতি মরশুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ন’টি ম্যাচ জয়ের নজির গড়ল বার্সেলোনা। লা লিগাতেও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের থেকে চার পয়েন্ট এগিয়ে শীর্ষে রয়েছে তারা। গত মরশুমে স্প্যানিশ সুপার কাপ, লা লিগা এবং কোপা দেল রে—ত্রিমুকুট জিতেছিল বার্সা। এ বারও সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে মরিয়া কাতালান ক্লাব। দু’মাসের চোট কাটিয়ে ফিরে জোড়া গোল করে নিজের ফিটনেস ও ছন্দের প্রমাণ দিয়েছেন রাফিনিয়া। ম্যাচের পর তিনি বলেন, আমি সবসময় দলের জন্য সেরাটা দিতে চাই। মাঠে নামলে নিজের শতভাগ উজাড় করে দেওয়াই লক্ষ্য।

 

 

Related Articles