Madhav Gadgil: ভারতের পরিবেশ আন্দোলনের নক্ষত্র পতন! প্রয়াত মাধব গ্যাডগিল
তাঁর প্রয়াণে দেশের বিজ্ঞান ও পরিবেশ মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
Truth of Bengal: ভারতের পরিবেশ আন্দোলনের এক উজ্জ্বল নক্ষত্র পতন ঘটল। প্রখ্যাত পরিবেশ বিজ্ঞানী ও লেখক মাধব গ্যাডগিল ৮৩ বছর বয়সে প্রয়াত হয়েছেন। বুধবার মহারাষ্ট্রের পুনের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানানো হয়েছে, বার্ধক্যজনিত অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে এই প্রবীণ বিজ্ঞানীর। তাঁর প্রয়াণে দেশের বিজ্ঞান ও পরিবেশ মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মাধব গ্যাডগিল ভারতের পরিবেশ রক্ষায় এক অবিস্মরণীয় নাম। বিশেষ করে পশ্চিমঘাট পর্বতমালা সংরক্ষণে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি ‘গ্যাডগিল কমিশন’-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ওই অঞ্চলের পরিবেশগত ভারসাম্য রক্ষায় তাঁর দেওয়া সুপারিশগুলো ভারতের পরিবেশ নীতি নির্ধারণে অত্যন্ত প্রভাবশালী ভূমিকা পালন করে। এ ছাড়াও তিনি বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স-এ ‘ইকোলজিক্যাল সায়েন্সেস সেন্টার’-এর প্রতিষ্ঠাতা ছিলেন।
কর্মজীবনে অসংখ্য আন্তর্জাতিক ও জাতীয় সম্মানে ভূষিত হয়েছেন এই বিশিষ্ট বিজ্ঞানী। জীববৈচিত্র্যের হটস্পট হিসেবে পরিচিত পশ্চিমঘাট পর্বতমালা নিয়ে তাঁর গবেষণার স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালে রাষ্ট্রপুঞ্জ তাঁকে সর্বোচ্চ পরিবেশগত সম্মান ‘চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ’-এ ভূষিত করে। পরিবেশ সুরক্ষা এবং গবেষণার পাশাপাশি লেখালেখির মাধ্যমেও তিনি সাধারণ মানুষকে সচেতন করার কাজ করে গেছেন। বিশিষ্টজনদের মতে, মাধব গ্যাডগিলের মৃত্যু ভারতের পরিবেশ আন্দোলনের ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি। তিনি কেবল একজন বিজ্ঞানী ছিলেন না, বরং প্রকৃতির ভারসাম্য রক্ষায় এক আপসহীন কণ্ঠস্বর ছিলেন। তাঁর প্রয়াণে একটি যুগের অবসান ঘটল বলে মনে করছেন পরিবেশকর্মীরা।


