অস্ট্রেলিয়ান ওপেন: কোয়ার্টার ফাইনালে আলকারাজ
রড লেভার অ্যারেনায় রবিবার ৭-৬(৬), ৬-৪, ৭-৫ ব্যবধানে জিতেছেন আলকারাজ।
Truth Of Bengal: মেলবোর্নে ফের নিজের স্বভাবসিদ্ধ আধিপত্য দেখালেন কার্লোস আলকারাজ। অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে আমেরিকার টমি পলকে স্ট্রেট সেটে হারিয়ে অনায়াসেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। তবে ম্যাচের উত্তেজনার পাশাপাশি আলোচনায় উঠে এল এক ‘বিচিত্র’ কারণ—গ্যালারি থেকে ভেসে এল বিয়ের প্রস্তাব।
রড লেভার অ্যারেনায় রবিবার ৭-৬(৬), ৬-৪, ৭-৫ ব্যবধানে জিতেছেন আলকারাজ। প্রথম সেটেই যতটা লড়াই। দু’জনের সমানতালে চলা লড়াই গড়ায় টাইব্রেকারে। ঠিক সেই সময় গ্যালারিতে এক দর্শক অসুস্থ হয়ে পড়ায় প্রায় ১৪ মিনিট খেলা বন্ধ থাকে। খেলা শুরু হতেই গুরুত্বপূর্ণ মুহূর্তে ডাবল ফল্ট করে বসেন টমি পল। সেই সুযোগ কাজে লাগিয়ে প্রথম সেট নিজের দখলে নেন আলকারাজ।এরপর আর ম্যাচে নাটকীয়তা দেখা যায়নি। দ্বিতীয় ও তৃতীয় সেটে একটি করে ব্রেকই যথেষ্ট ছিল স্প্যানিশ তারকার জন্য। সার্ভিসে নির্ভরযোগ্যতা ও রিটার্নে চাপ বজায় রেখে শান্ত মাথায় ম্যাচ শেষ করেন তিনি।
তবে ম্যাচ যতই একপেশে হোক, বিনোদনের খোরাক জুগিয়েছে গ্যালারির কাণ্ডকারখানা। খেলা চলাকালীন দর্শকদের দিক থেকে ভেসে আসে—‘আমার মেয়েকে বিয়ে করো’, ‘আমার বোনকে বিয়ে করো’, এমনকি সরাসরি ‘আমাকেই বিয়ে করো’—এই ধরনের রসিক প্রস্তাব। আলকারাজ অবশ্য কোনও বিরক্তি না দেখিয়ে হাসিমুখেই সব উপভোগ করেন। খেলা শেষে কোর্টেই শার্ট বদলানোর সময় চিৎকার আরও বেড়ে যায়।ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে বিষয়টি উঠতেই হেসে আলকারাজ বলেন, আমি শুধু আরাম পেতে শার্ট বদলাই। মানুষ যদি এটা পছন্দ করে, তাতে আমার কোনও আপত্তি নেই।এই জয়ের ফলে টানা তৃতীয়বার অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেন আলকারাজ। শেষ আটে তাঁর প্রতিপক্ষ হবেন অ্যালেক্স ডি মিনাউর অথবা আলেকজান্ডার বুবলিক। ফর্ম, আত্মবিশ্বাস আর গ্যালারির সমর্থন—সবই এখন তাঁর পক্ষে। মেলবোর্নে তাই প্রশ্ন একটাই—এই ছন্দে থাকলে, আলকারাজকে থামাবে কে?




