খেলা

অস্ট্রেলিয়ান ওপেনে সেমিফাইনালে সাবালেঙ্কা

প্রথম সেটে কিছু দীর্ঘ র‍্যালি হলেও গুরুত্বপূর্ণ পয়েন্টে শক্তিশালী সার্ভ ও আক্রমণাত্মক গ্রাউন্ডস্ট্রোকের জোরে ফারাক গড়ে দেন তিনি।

Truth Of Bengal: অস্ট্রেলিয়ান ওপেনে নিজের আধিপত্য আরও একবার প্রমাণ করলেন আরিনা সাবালেঙ্কা। মঙ্গলবার মেলবোর্নে রড লেভার অ্যারেনায় আমেরিকার ১৮ বছরের প্রতিভা ইভা জোভিচকে ৬-৩, ৬-০ ব্যবধানে হারিয়ে অনায়াসেই সেমিফাইনালে পৌঁছে গেলেন বিশ্বের এক নম্বর বেলারুশ তারকা।

খোলা ছাদের নীচে ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ ছিল সাবালেঙ্কার হাতে। প্রথম সেটে কিছু দীর্ঘ র‍্যালি হলেও গুরুত্বপূর্ণ পয়েন্টে শক্তিশালী সার্ভ ও আক্রমণাত্মক গ্রাউন্ডস্ট্রোকের জোরে ফারাক গড়ে দেন তিনি। দ্বিতীয় সেটে কার্যত কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি জোভিচ। একতরফা সেটে ম্যাচ শেষ করে শেষ চারে নিজের জায়গা নিশ্চিত করেন সাবালেঙ্কা।এই জয়ের ফলে সাবালেঙ্কার কেরিয়ারের ১৪তম গ্র্যান্ড স্ল্যাম সেমিফাইনাল নিশ্চিত হল। একই সঙ্গে অস্ট্রেলিয়ান ওপেনে টানা চতুর্থবার শেষ চারে উঠলেন তিনি। ২০২৩ ও ২০২৪ সালে টানা দু’বার মেলবোর্নের খেতাব জিতেছিলেন সাবালেঙ্কা। গত বছরও ফাইনালে উঠলেও ম্যাডিসন কিসের কাছে হার মানতে হয়েছিল তাঁকে। তবে চলতি মরসুমে ব্রিসবেন ইন্টারন্যাশনাল জয়ের পর অস্ট্রেলিয়ান ওপেনে টানা ১০ ম্যাচে অপরাজিত থেকে ফের ট্রফির অন্যতম দাবিদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন তিনি।ম্যাচ শেষে সাবালেঙ্কা বলেন, ফল দেখে সহজ মনে হতে পারে, কিন্তু লড়াইটা মোটেও সহজ ছিল না। ও খুব ভাল টেনিস খেলেছে। আমাকে নিজের খেলায় আরও উন্নতি করতে বাধ্য করেছে।সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ নির্ধারিত হবে কোকো গফ ও এলিনা শ্বেতলিনার ম্যাচের ফলাফলের উপর।

অন্যদিকে, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও ইভা জোভিচের পারফরম্যান্স নজর কেড়েছে। এবারের অস্ট্রেলিয়ান ওপেনে তিনি জ্যাসমিনে পাওলিনিকে হারিয়েছেন এবং ইউলিয়া পুতিনৎসেভাকে একতরফা ম্যাচে বিদায় করেছেন। হতাশার সমাপ্তি হলেও বিশ্বের প্রথম একশোয় সবচেয়ে কম বয়সি খেলোয়াড় হিসেবে নিজের জায়গা আরও শক্ত করলেন জোভিচ। তবে এদিন সাবালেঙ্কার শক্তি, অভিজ্ঞতা ও ধারাবাহিকতার সামনে তাঁর লড়াই যথেষ্ট ছিল না।