খেলা

১৮১ রানেই বাণ্ডিল অস্ট্রেলিয়া, দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ বিরাট

Australia bundled out for 181, Virat fails in second innings too

Truth Of Bengal: শুক্রবার শেষবেলায় অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল এক উইকেটের বিনিময়ে ৯ রান। আগের দিন যেখান থেকে খেলা শেষ করেছিলেন ভারতীয় বোলাররা, শনিবার সেখান থেকেই শুরু করলেন তাঁরা। কিন্তু দিনের শুরুতেই মাত্র ২ রানের মাথায় লাবুশানেকে সাজঘরে ফিরিয়ে দিলেন বুমরা। বুঝিয়ে দিলেন বল হাতে এই টেস্টেও ভয়ঙ্কর হয়ে উঠতে চলেছেন তিনি। এরপর ক্রিজে আসেন অভিজ্ঞ স্মিথ। বিপদের হাত থেকে কিছুটা টেনে তোলার চেষ্টা করতে থাকেন তিনি।

৫৭ বলে ৩৩ রান করে যখন ক্রিজে ক্রমশ জমে উঠছেন, ঠিক সেই সময়ই প্রসিদ্ধ কৃষ্ণার বলে খোঁচা মেরে পন্থের হাতে ধরা পড়ে সাজঘরে ফিরলেন তিনিও। ব্যর্থতার তালিকায় নাম লেখালেন ট্রাভিস হেডও। যাঁকে ঘিরে অস্ট্রেলিয়ার অনেক সমর্থক থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট পর্যন্ত ভরসা করেন, সেই হেডের ব্যাট থেকেও এল মাত্র চার রান। তবে হেড রান না পেলেও, ওয়েবস্টার নিজের অর্ধশতরান পূর্ণ করেন।

কিন্তু ওয়েবস্টারের পর আর কোনও অজি ব্যাটারই সেইভাবে ভারতীয় বোলারদের সামনে মাথা তুলে দাঁড়াতে পারলেন না। সেই তালিকাও বড় দীর্ঘ। অধিনায়ক কামিন্স থেকে শুরু করে নাথাম লায়ন সকলেই রয়েছেন এই তালিকায়। শেষ পর্যন্ত ১৮১ রানেই বান্ডিল হয়ে যায় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস।

ব্যাট হাতে ব্যর্থ হলেও, বল হাতে নিজের জাত চিনিয়ে দিলেন প্রসিদ্ধ কৃষ্ণা। ১৫ ওভার হাত ঘুড়িয়ে মাত্র ৪২ রান দিয়ে তিনটি উইকেট ঝুলিতে পোড়েন তিনি। সমসংখ্যক উইকেট নেন সিরাজ-ও। ২টি করে উইকেট নেন বুমরা ও নীতীশ।

প্রথম ইনিংসে নামমাত্র রানে এগিয়ে থেকে এরপর দ্বিতীয় ইনিংস শুরু করে ভারত। কিন্তু হলে কি হবে, সেই একই রোগ থেকে যেন কিছুতেই মুক্ত হতে পারছে না ভারতীয় দল। প্রথম ইনিংসের মতো চটজলদিই সাজঘরে ফিরলেন কেএল রাহুল। বোলান্ডের ইনসুইঙ্গারে বোল্ড আউট হলেন তিনি। তাঁর সংগ্রহ মাত্র ১৩ রান। রাহুলের মতো ক্রিজে বেশিক্ষণ টিকতে পারলেন না যশস্বীও। মাত্র ২২ রান করে একইভাবে বোলান্ডের বলে একইভাবে আউট হয়ে সাজঘরে ফিরলেন তিনিও।

তবে এই সিরিজে যে কটা ম্যাচ খেলেছেন সব কটাতেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারলেন না শুভমন। আর কবে তিনি রান পাবেন, সেটাও অজানা অনেকের কাছেই। সমালোচকদের বিদ্ধ বান এবার তাঁর দিকেও ধেয়ে আসলে অবাক হওয়ার কিছু নেই। রাহুলের মতো তাঁরও সংগ্রহ সেই ১৩ রান।

শুভমনের মতো ব্যর্থের তালিকায় বার বার নিজের নাম তুলছেন বিরাট কোহলি। প্রথম ইনিংসে ১৭ রান করলেও, দ্বিতীয় ইনিংসে মাত্র ৬ রানেই সাজঘরে ফিরলেন তিনি। বোলান্ডের অফ স্টাম্পের বাইরের বলে সেই একই ধাঁচের শট নিতে গিয়ে স্মিথের হাতে ধরা পড়লেন তিনি। আর কবে বিরাট রান পাবে, আর কবে বিরাট এই ভুল থেকে শিক্ষা নেবেন, তা নিয়েই এখন সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করছেন নেটিজেনরা।

ভারতের প্রথম সারির ব্যাটাররা যখন একের পর এক ব্যর্থের তালিকায় নাম লিখিয়ে সাজঘরের পথ ধরছেন, ঠিক সেই সময়ই ব্যাট হাতে দাঁড়িয়ে দলকে টেনে তুলতে থাকলেন ঋষভ পন্থ। বুক চিতিয়ে অজি বোলারদের সামনে লড়াই করলেন তিনি। তবে সেই লড়াই বেশিক্ষণ স্থায়ী হল না। নিজের অর্ধশতরান পূর্ণ করার পাশাপাশি ৬১ রানেই থামতে হল পন্থকে। তবে পন্থ রান পেলেও বিরাট-রাহুলে মতো ব্যর্থতার তালিকায় নাম লেখালেন নীতীশ-ও।

ব্যাট হাতে আগের ম্যাচগুলিতে ভাল খেলা নীতীশের-ও বিরাটের রোগে ভর করল কি না সেই নিয়েই প্রশ্ন উঠছে সকলের মনে। শনিবার দিনের শেষে ব্যাট হাতে ক্রিজে অপরাজিত আছেন জাড্ডু এবং ওয়াশিংটন। জাদেজার সংগ্রহ ৮ এবং ওয়াশিংটন ৬ রানে। দিনের শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটের বিনিময়ে ১৪১ রান। ভারত এগিয়ে মাত্র ১৪৫ রানে। এখন দেখার তৃতীয় দিনে ভারত কত রানের টার্গেট খাড়া করতে পারে অস্ট্রেলিয়ার সামনে। তা অবশ্য সময়ই বলবে।

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে দূরন্ত ছন্দে দেখা বোলান্ডকে। তাঁকে দলে নেওয়ার পূর্ণ মর্যাদা দিলেন এই অজি পেসার। মাত্র ১৩ ওভার বল করে ৪২ রান দিয়ে চারটি উইকেট দখল করে তিনি বুঝিয়ে দিলেন প্যাট কামিন্স, মিচেল স্টার্কদের যোগ্য উত্তরসূরি হিসাবে আগামী দিনে তাঁর ওপরই ভরসা করতে হবে অস্ট্রেলিয়াকে।

Related Articles