রাজনীতি

মুখ্যমন্ত্রী সম্পর্কে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কু’কথা, সোচ্চার তৃণমূল, কাল তমলুকে রোড শো অভিষেকের

Abhijit Gangopadhyay's rants about CM, vocal Trinamool to debut road show in Tamluk tomorrow

The Truth of Bengal: সন্দেশখালি ইস্যুতে ক্রমাগত ব্যাকফুটে বিজেপি। ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসার পর ‘ষড়যন্ত্র’ ফাঁস হয়েছে প্রকাশ্যে। আর তারপরেই দেখা যাচ্ছে একাধিক বিজেপি নেতা সন্দেশখালি প্রসঙ্গ আসতেই মাথা গরম করছেন। কখনো রাজ্যের মুখ্যমন্ত্রী কখনো শাসকদলের উদ্দেশ্যে কু-কথায় ভরিয়ে তুলছেন। এই আবহে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসিত ও অশ্রাব্য ভাষায় আক্রমণ করেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হলদিয়ার চৈতন্যপুরের সভা থেকে রেখা পাত্রের কথা টেনে কলকাতা হাইকোর্টের এই প্রাক্তন বিচারপতি বলেন, ‘‌রেখা পাত্রকে কেনা হয়েছিল ২০০০ টাকায়!‌ মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও? অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস।

শুধু প্রতিবাদ জানিয়েই থেমে থাকছে না, রাজ্যের শাসক দল। আগামীকাল শুক্রবার পথে নামছেন তৃণমূলের সেনাপতি। মুখ্যমন্ত্রী সম্পর্কে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায় তমলুকে রোড শো করবেন। সর্বস্তরের তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে এর প্রতিবাদ জানাবেন। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর আগেও কু-কথা বলেছেন। আবারও মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেন তিনি।

হাইকোর্টের একজন প্রাক্তন বিচারপতি হয়েও যে ভাষা তিনি মুখে আনছেন তার প্রতিবাদ জানাতেই তৃণমূলের কর্মসূচি। ইতিমধ্যেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্য নিয়ে রাজ্য–রাজনীতিতে প্রবল বিতর্ক তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কাঠির সভা থেকে এদিন এক হাত নেন প্রাক্তন বিচারপতিকে। চাকরি খাওয়ার অভিযোগ এনেছেন প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে। কাল অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে তীব্র প্রতিবাদ জানাতে চলেছেন। এই রোড শো শেষে বক্তব্য রাখবেন অভিষেক। মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য নিয়ে পূর্ব মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে করা জবাব দিতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Related Articles