Winter Aquarium Care: শীতকালে অ্যাকোয়ারিয়ামের মাছ মরছে? মাথার রাখুন সহজ কয়েকটি টিপস
শীতকালে অ্যাকোয়ারিয়ামের মাছ সুস্থ রাখতে আপনার কী করণীয়, জেনে নিন
Truth of Bengal: রঙিন মাছে ভরা অ্যাকোয়ারিয়াম যেমন বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে, তেমনই শীতকালে মাছের মড়ক নিয়ে চিন্তা বাড়ে। নিয়মিত অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করার পরেও যদি শীতকালে অকারণে মাছ মারা যায়, তবে বুঝতে হবে পারদ পতনের সঙ্গে এর একটি গভীর সম্পর্ক রয়েছে। শীতকালে অ্যাকোয়ারিয়ামের মাছ সুস্থ রাখতে আপনার কী করণীয়, জেনে নিন:
-
হিটার ব্যবহার: কলকাতায় সাধারণত তাপমাত্রা খুব বেশি না কমলেও, যদি দেখেন তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমতে শুরু করেছে, তবে অ্যাকোয়ারিয়ামে অবশ্যই হিটার ব্যবহার করতে হবে। থার্মোস্ট্যাট কন্ট্রোলড ওয়াটার হিটার ব্যবহার করলে জলের তাপমাত্রা ২৫ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নিয়ন্ত্রণ করা সহজ হবে।
-
থার্মোমিটার ব্যবহার: শুধুমাত্র হাতের উপর নির্ভর করে জলের তাপমাত্রা কেমন, তা আন্দাজ করা উচিত নয়। অভিজ্ঞদের মতে, জলের সঠিক তাপমাত্রা জানার জন্য থার্মোমিটার ব্যবহার করা শ্রেয়। অ্যাকোয়ারিয়ামের ভিতরের দেওয়ালে আটকে রাখা যায় এমন থার্মোমিটার ব্যবহার করলে সারাক্ষণ চোখের সামনে জলের তাপমাত্রা পর্যবেক্ষণ করা যায়।
-
জল পরিবর্তনের বিরতি: শীতকালে খুব ঘন ঘন অ্যাকোয়ারিয়ামের জল পরিবর্তন করা থেকে বিরত থাকুন। বছরের অন্যান্য সময়ে নিয়মিত জল বদলালেও, ঠান্ডার সময়ে জলের অবস্থা দেখে মাসে একবার পরিষ্কার করলেই যথেষ্ট। তবে জল যাতে পরিষ্কার থাকে, তার জন্য অবশ্যই ভালো মানের ফিল্টার ব্যবহার করতে হবে।
-
খাবারে নিয়ন্ত্রণ: শীতকালে মাছের হজম সংক্রান্ত সমস্যা বেড়ে যায়। তাই ভুলেও অ্যাকোয়ারিয়ামের পোষ্যদের অতিরিক্ত খাবার দেবেন না। অতিরিক্ত খাবার জলে ভেসে থাকলে জলের মান খারাপ হতে পারে, যার ফলে মাছের শ্বাসপ্রশ্বাস নিতে সমস্যা হয়। অক্সিজেনের অভাবেও শীতকালে মাছ বেশি মারা যায়।


